
সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন একদল ধর্মপ্রাণ মুসল্লি। বুধবার (২৭ মে) সকালে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি ইউনিয়নের বাউখোলা গ্রামে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাউখোলা গ্রামের ঈদ জামাতে ইমামতি করেন স্থানীয় মাওলানা মহব্বত আলী। ঈদের এই বিশেষ জামাতে অংশ নিতে সকাল থেকেই জেলার তালা, পাটকেলঘাটা, কলারোয়াসহ বিভিন্ন এলাকা থেকে শতাধিক মুসল্লি সেখানে সমবেত হন।
ঈদের নামাজ আদায় শেষে মুসল্লিরা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পশু কোরবানি সম্পন্ন করেন। পুরো এলাকাজুড়ে ঈদের ধর্মীয় আবহ ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।
নামাজে অংশ নেওয়া মুসল্লিদের দাবি, বিশ্বের যেকোনো স্থানে ঈদের চাঁদ দেখা গেলে শরিয়ত অনুযায়ী ঈদ উদযাপন করা বৈধ। তাদের মতে, মধ্যপ্রাচ্যে ঈদের চাঁদ দেখা যাওয়ায় সেই হিসাব অনুসরণ করেই তারা আজ ঈদুল আজহার নামাজ আদায় এবং কোরবানি সম্পন্ন করছেন।
মন্তব্য করুন