
২০২৬ সালের আইপিএল নিলামের জন্য মোট ৩৫০ জন ক্রিকেটারের নাম চূড়ান্ত করেছে বিসিসিআই। ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনা শেষে এই তালিকা অনুমোদন করা হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর আবুধাবির এতিহাদ অ্যারেনায় অনুষ্ঠিত হবে এবারের নিলাম। খবর—ক্রিকবাজ।
শুরুতে বিসিসিআই ১,৩৫৫ জন খেলোয়াড়ের একটি প্রাথমিক তালিকা ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠায় এবং তাদের পছন্দের নাম চায়। সেই তালিকা থেকে ছেঁটে আনা চূড়ান্ত ৩৫০ জনের তালিকায় ৩৫ জন নতুন ক্রিকেটার যুক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় চমক দক্ষিণ আফ্রিকার তারকা কুইন্টন ডি কক।
প্রাথমিক তালিকায় না থাকলেও পরে একটি ফ্র্যাঞ্চাইজির বিশেষ সুপারিশে ডি কককে অন্তর্ভুক্ত করা হয়। তিনি উইকেটকিপার/ব্যাটারদের তৃতীয় লটে রয়েছেন।
৩৩ বছর বয়সী এই প্রোটিয়া তারকা সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ভারত সিরিজে বিশাখাপত্তনমে দুর্দান্ত সেঞ্চুরি করেন। তার বেস প্রাইস রাখা হয়েছে ১ কোটি রুপি, যা আগের মেগা নিলামের তুলনায় ৫০% কম। গতবার কলকাতা নাইট রাইডার্স তাকে ২ কোটিতে দলে নিলেও হতাশাজনক মৌসুমের পর তাকে ছেড়ে দেয়।
নতুন তালিকায় শ্রীলঙ্কার আরও চার ক্রিকেটার আছেন— ট্রেভিন ম্যাথিউ, বিনুরা ফার্নান্ডো, কুশল পেরেরা, দুনিথ ভেলালাগে। এছাড়া আফগানিস্তান, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজেরও বেশ কয়েকজন খেলোয়াড় নতুন করে তালিকাভুক্ত হয়েছেন।
বিসিসিআই সোমবার (৮ ডিসেম্বর) রাতে ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানায়, নিলামে মোট ৩৫০ জন ক্রিকেটার অংশ নেবেন। সংযুক্ত আরব আমিরাত সময় দুপুর ১টা এবং বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে নিলাম।
২০২৬ আইপিএল নিলামে নতুন অন্তর্ভুক্ত ক্রিকেটারদের তালিকা
বিদেশি খেলোয়াড় আরব গুল (আফগানিস্তান), মাইলস হ্যামন্ড (ইংল্যান্ড), ড্যান ল্যাটেগান (ইংল্যান্ড), কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা), কনর এজথেরহুইজেন (দক্ষিণ আফ্রিকা), জর্জ লিন্ডে (দক্ষিণ আফ্রিকা), বায়ান্ডা মাজোলা (দক্ষিণ আফ্রিকা), ট্রেভিন ম্যাথিউ (শ্রীলঙ্কা), বিনুরা ফার্নান্ডো (শ্রীলঙ্কা), কুশল পেরেরা (শ্রীলঙ্কা), দুনিথ ওয়েলালাগে (শ্রীলঙ্কা), আকিম অগুস্টে (ওয়েস্ট ইন্ডিজ)।
ভারতীয় খেলোয়াড় সাদেক হুসাইন, বিষ্ণু সোলাঙ্কি, সাবির খান, ব্রিজেশ শর্মা, কানিষ্ক চৌহান, অ্যারন জর্জ, জিক্কু ব্রাইট, শ্রীহরি নায়ার, মাধব বাজাজ, শ্রীবৎস আচার্য, যশরাজ পুনজা, সাহিল পারাখ, রোশন ওয়াঘসারে, যশ দিচোলকর, আয়াজ খান, ধুরমিল মাতকার, নমান পুষ্পক, পারিক্ষিত ভালসানকর, পুরব আগরওয়াল, ঋষভ চৌহান, সাগর সোলাঙ্কি, ইজাজ সাওয়ারিয়া, অমন শেখাওয়াত।
মন্তব্য করুন