মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাংলাদেশের বিশ্বকাপ বয়কটে হুমকির মুখে ভারতের অলিম্পিক স্বপ্ন

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১২:১৯ পিএম
বাংলাদেশের বিশ্বকাপ বয়কটে হুমকির মুখে ভারতের অলিম্পিক স্বপ্ন

নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে গত ৪ জানুয়ারি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির অবস্থান ছিল—ভারতে খেলতে রাজি নয় বাংলাদেশ। তবে ২১ জানুয়ারি বোর্ড সভা শেষে আইসিসি স্পষ্ট জানিয়ে দেয়, ভেন্যু পরিবর্তনের সুযোগ নেই; খেলতে হলে ভারতেই খেলতে হবে।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের অবস্থানে অনড় থাকায় শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় বাংলাদেশ। তাদের জায়গায় টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয় স্কটল্যান্ডকে।

বাংলাদেশের বিশ্বকাপ বয়কট শুধু ক্রিকেটেই সীমাবদ্ধ থাকছে না। এর প্রভাব পড়তে যাচ্ছে ভারতের বহুল আলোচিত ২০৩৬ অলিম্পিক আয়োজনের স্বপ্নে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ক্রীড়াক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপের বিষয়ে বরাবরই কঠোর অবস্থানে রয়েছে। বাংলাদেশ–ভারত ক্রিকেট সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েন সেই উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।

ব্রিটিশ প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, বাংলাদেশের সরে দাঁড়ানোর পেছনে কেবল নিরাপত্তা নয়, দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েনও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তোলে।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, বাংলাদেশের ম্যাচ ভারতেই রাখার সিদ্ধান্তে বিসিসিআই আইসিসির ওপর প্রভাব বিস্তার করেছে। যদিও আইসিসি নিজেদের স্বাধীন সংস্থা হিসেবে দাবি করে, তবে অতীতে বিসিসিআইয়ের পক্ষে একাধিক সিদ্ধান্ত নেওয়ার নজির রয়েছে।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সম্প্রচার ও আর্থিক সুবিধার কথা বিবেচনা করে ভারতকে গায়ানায় নিশ্চিত সেমিফাইনাল দেওয়ার ঘটনাও প্রতিবেদনে উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে।

গার্ডিয়ান আরও উল্লেখ করেছে, বর্তমান আইসিসি চেয়ারম্যান জয় শাহ আগে বিসিসিআইয়ের সচিব ছিলেন এবং তার বাবা অমিত শাহ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্ত আগে ভারতের মিডিয়া জায়ান্ট জিওস্টারের সঙ্গে যুক্ত ছিলেন।

এই বিতর্ক এমন এক সময়ে সামনে এসেছে, যখন ভারত ইতোমধ্যে ২০৩০ কমনওয়েলথ গেমস আয়োজনের অনুমোদন পেয়েছে এবং আহমেদাবাদে ২০৩৬ অলিম্পিক আয়োজনের জন্য জোরালো বিড দিচ্ছে। এই দৌড়ে ভারতের বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ কাতারকে।

তবে আইওসি খেলাধুলায় রাজনৈতিক প্রভাবের বিষয়ে আইসিসির তুলনায় অনেক বেশি কঠোর। গার্ডিয়ানকে আইওসি ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, অন্য দেশগুলোর বয়কটের আশঙ্কা থাকলে ভারতকে অলিম্পিক আয়োজনের দায়িত্ব দেওয়ার প্রশ্নই ওঠে না।

অলিম্পিক চার্টার অনুযায়ী, ক্রীড়া সংস্থাগুলোকে সম্পূর্ণ স্বাধীন ও রাজনৈতিক প্রভাবমুক্ত থাকতে হয়। এমনকি অলিম্পিকে রাজনৈতিক বা ধর্মীয় মত প্রকাশও নিষিদ্ধ।

এর উদাহরণ হিসেবে গার্ডিয়ান ইন্দোনেশিয়ার ঘটনার কথা উল্লেখ করেছে। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসরায়েলি দলকে ভিসা দিতে অস্বীকৃতি জানানোয় ইন্দোনেশিয়াকে ভবিষ্যৎ অলিম্পিক আয়োজন সংক্রান্ত আলোচনা থেকেও সাময়িকভাবে বাদ দেওয়া হয়েছিল।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাকিস্তানও বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপ বয়কটের বিষয়টি বিবেচনা করছে। ভারত–পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ এবং চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে দুই দেশের মধ্যে উত্তেজনা আগেই চরমে।

আইওসি সূত্রের মতে, ভারতকে অলিম্পিক আয়োজনের বিশ্বাসযোগ্য প্রার্থী হতে হলে বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের স্পষ্ট বার্তা দিতে হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X