
টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে সেমিফাইনালের দৌড়ে নিজের অবস্থান মজবুত করতে আজ মাঠে নামছে পাকিস্তান। সুপার এইট পর্বের এই উত্তেজনাপূর্ণ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়, যেখানে প্রতিপক্ষ ইংল্যান্ড।
সুপার এইটের নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। তবে টস হওয়ার পর বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়, ফলে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় বাবর আজমের দলকে। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে তাই সুপার এইটে প্রথম জয়ের জন্য মরিয়া পাকিস্তান।
অন্যদিকে, প্রথম ম্যাচে জয় তুলে আত্মবিশ্বাসে উজ্জ্বল ইংল্যান্ড। তারা পাকিস্তানের বিপক্ষে টানা দ্বিতীয় জয় নিশ্চিত করে সেমিফাইনালে পৌঁছানোর পথে বড় ধাপ এগোতে চায়। টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের আধিপত্যও চোখে পড়ার মতো।
পরিসংখ্যান অনুযায়ী, এই ফরম্যাটে দুই দলের ৩১ ম্যাচের মধ্যে ইংল্যান্ড জিতেছে ২০টি। পাকিস্তানের জয় মাত্র ৯টি, বাকি দুই ম্যাচের মধ্যে একটি টাই এবং অন্যটি পরিত্যক্ত। সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের এই দাপুটে পারফরম্যান্সের সবচেয়ে বড় উদাহরণ ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ।
মন্তব্য করুন