
ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রধান কোচ কার্লো আনসেলোত্তি স্পষ্টভাবে জানিয়েছেন, তারকা ফরোয়ার্ড নেইমারকে এখনো জাতীয় দল বা বিশ্বকাপ পরিকল্পনা থেকে বাদ দেওয়া হয়নি। বরং তিনি এখনো সেলেসাওদের প্রাথমিক বিবেচনায় রয়েছেন।
ফরাসি সংবাদমাধ্যম এল ইকুইপেকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি জানান, নেইমারের সামনে এখনো সুযোগ রয়েছে নিজেকে প্রমাণ করে দলে জায়গা করে নেওয়ার। তার ভাষায়, আগামী দুই মাস এই ব্রাজিলিয়ান তারকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আনচেলত্তি বলেন, নেইমার ব্রাজিলিয়ান ফুটবলের ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং এখনো তার পারফরম্যান্স দলের জন্য মূল্যবান হতে পারে। তিনি মনে করেন, অনেকেই বিশ্বাস করেন নেইমার ব্রাজিলকে আবারও বিশ্বকাপ জেতাতে সহায়তা করতে পারেন।
বর্তমানে সিবিএফ এবং কোচিং স্টাফ তার পারফরম্যান্স নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
গত মার্চে ঘোষিত স্কোয়াড থেকে নেইমার বাদ পড়ায় ফুটবল বিশ্বে ব্যাপক আলোচনা তৈরি হয়। একদিকে ভক্তদের ক্ষোভ, অন্যদিকে আনচেলত্তির কঠোর ফিটনেস নীতির প্রতি সমর্থন—দুই ধরনের প্রতিক্রিয়াই দেখা যায়।
তবে বর্তমানে কোচ তার অবস্থানে কিছুটা নমনীয় হয়েছেন এবং পারফরম্যান্সের ভিত্তিতে পুনরায় সুযোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন।
আনচেলত্তি বলেন, ‘নেইমার ব্রাজিলিয়ান ফুটবলে ইতিহাস তৈরি করেছে এবং এখনো তা অব্যাহত রেখেছে। সে একজন অসাধারণ প্রতিভাবান খেলোয়াড় এবং মানুষ মনে করতেই পারে যে সে আমাদের পরবর্তী বিশ্বকাপ জিততে সাহায্য করবে। বর্তমানে সিবিএফ এবং আমি তার পারফরম্যান্স মূল্যায়ন করছি।’
আনচেলত্তি জোর দিয়ে বলেন যে, তিনি শুধুমাত্র শতভাগ ফিট খেলোয়াড়দেরই বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা দেবেন। ২০২২ বিশ্বকাপের পর নেইমারের ফিটনেস নিয়ে কিছুটা সংশয় থাকলেও সাম্প্রতিক সময়ে হাঁটুর ইনজুরি কাটিয়ে সান্তসের হয়ে তার মাঠে ফেরাকে ইতিবাচক হিসেবে দেখছেন কোচ। তিনি বলেন, ‘ইনজুরির পর নেইমার ভালোভাবে ফিরে এসেছে এবং গোলও করছে। তাকে এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং ফিটনেস আরও উন্নত করতে হবে।
সে বর্তমানে সঠিক পথেই আছে।’ আনচেলত্তির পরিকল্পনা অনুযায়ী, নেইমারকে তিনি মাঠের একটু কেন্দ্রীয় পজিশনে এবং প্রতিপক্ষের গোলের কাছাকাছি খেলাতে আগ্রহী, যেমনটা বর্তমানে তিনি তার ক্লাব সান্তসের হয়ে খেলছেন।
সাক্ষাৎকারে নেইমার ছাড়াও তরুণ তুর্কি এন্দরিকের বিষয়ে কথা বলেছেন আনচেলত্তি। রিয়াল মাদ্রিদ থেকে ধারে অলিম্পিক লিওঁতে যোগ দেওয়া এই তরুণ ফরোয়ার্ডের পারফরম্যান্সে তিনি বেশ সন্তুষ্ট।
আনচেলত্তি জানান, লিওঁতে যাওয়ার আগে তিনি এন্দরিকের সঙ্গে ফোনে কথা বলেছিলেন এবং সেখানে তার ভালো শুরুকে গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করা হচ্ছে। সব মিলিয়ে আগামী কয়েক সপ্তাহ নেইমারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ৩৪ বছর বয়সে এসে তাকে প্রমাণ করতে হবে যে তিনি বিশ্বমঞ্চে লড়াই করার জন্য শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত।
মন্তব্য করুন