
আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে ব্রাজিল জাতীয় দলের স্কোয়াড গঠনে বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। দীর্ঘ ইনজুরির পরও দলে ফেরার আশা বাঁচিয়ে রেখেছেন তিনি, তবে এবার তার সামনে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনসেলোত্তি।
আনচেলত্তি স্পষ্ট জানিয়েছেন, বিশ্বকাপের ২৬ সদস্যের দলে জায়গা পেতে হলে আগামী দুই মাসে নেইমারকে তার ফিটনেস এবং ধারাবাহিক পারফরম্যান্স প্রমাণ করতে হবে। শুধু নাম বা অতীত সাফল্যের ভিত্তিতে আর সুযোগ দেওয়া হবে না।
২০২৩ সালের অক্টোবরে গুরুতর হাঁটুর ইনজুরিতে পড়ার পর থেকে আন্তর্জাতিক ফুটবলে অনুপস্থিত আছেন নেইমার। বর্তমানে তিনি ক্লাব সান্তোসে খেললেও এখনো পুরোপুরি ছন্দে ফিরতে সংগ্রাম করছেন।
এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, নেইমার অসাধারণ প্রতিভা। সে আমাদের বিশ্বকাপ জেতাতে সাহায্য করতে পারে, এটা স্বাভাবিক ভাবনা। তবে তাকে দেখাতে হবে, সে এখনো সেই মানের খেলোয়াড়।
তিনি আরো জানান, ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এবং কোচিং স্টাফ নেইমারের অগ্রগতি পর্যবেক্ষণ করছে।
ফ্রান্সের বিপক্ষে সাম্প্রতিক ম্যাচে গ্যালারিতে সমর্থকদের মুখে নেইমারের নাম শোনা গেলেও আনচেলত্তি বিষয়টি গুরুত্ব দিতে চাননি। বরং দলে থাকা খেলোয়াড়দের ওপরই আস্থা রাখতে চান তিনি।
উল্লেখ্য, বিশ্বকাপে ব্রাজিল রয়েছে ‘সি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।
মন্তব্য করুন