
বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে শ্রীলঙ্কা নারী জাতীয় ক্রিকেট দল। শুক্রবার সকালে রাজধানীতে এসে পৌঁছায় চামারি আতাপাত্তু নেতৃত্বাধীন সফরকারী দল।
ঢাকায় সংক্ষিপ্ত বিরতি শেষে একই দিন বিকেলে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয় লঙ্কানরা। সেখানে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, যার প্রথম ম্যাচ মাঠে গড়াবে ২০ এপ্রিল।
ওয়ানডে সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ ও ২৫ এপ্রিল।
ওয়ানডে পর্ব শেষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে যাবে দুই দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৮ ও ৩০ এপ্রিল এবং ২ মে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
এই সফরের জন্য ভারসাম্যপূর্ণ দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের এবং টি-টোয়েন্টির জন্য ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছে তারা।
বাংলাদেশের মাটিতে এটি শ্রীলঙ্কা নারী দলের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। এর আগে ২০২৩ সালে শ্রীলঙ্কায় একমাত্র সিরিজে মুখোমুখি হয়েছিল দুই দল, যেখানে ওয়ানডেতে ১-০ এবং টি-টোয়েন্টিতে ২-১ ব্যবধানে জয় পায় শ্রীলঙ্কা।
মন্তব্য করুন