
নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ শেষে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশ ক্রিকেট দলের সামনে। চলমান সিরিজটি ২ মে শেষ হবে, তবে বিশ্রামের সুযোগ খুব কমই পাচ্ছেন টাইগার ক্রিকেটাররা। কারণ নিউজিল্যান্ডের পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তর দল।
পাকিস্তান ক্রিকেট দল ৩ মে ঢাকায় পৌঁছাবে বলে জানা গেছে। সফরে তারা শুধু টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশে। সিরিজের প্রথম টেস্ট ৮ মে ঢাকার শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম শুরু হবে। দ্বিতীয় টেস্টটি শুরু হবে ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচগুলো ২০২৫-২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ।
গত মার্চে বাংলাদেশে এসেছিল পাকিস্তান। তিনটি ওয়ানডের সিরিজ খেলে ২-১ ব্যবধানে হেরেছিল তারা। এবারের সফরে তারা শুধু টেস্ট ম্যাচই খেলবে। পিএসএলের কারণে দুই ভাগে হচ্ছে পাকিস্তানের বাংলাদেশ সফর।
সবশেষ বাংলাদেশের মাটিতে পাকিস্তান টেস্ট খেলেছিল ২০২১ সালের নভেম্বরে। ওইবার মুমিনুল হকের দলকে ২-০ তে হোয়াইটওয়াশ করেছিল বাবর আজমের পাকিস্তান।
মন্তব্য করুন