
ফুটবল উন্নয়নের অংশ হিসেবে পাকিস্তান ও আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের মধ্যে একটি সম্ভাব্য আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের বিষয়ে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে বিষয়টি জানা গেছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, সম্প্রতি পাকিস্তান ফুটবল ফেডারেশন এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের মধ্যে একটি অনলাইন বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উভয় পক্ষ কোচিং মানোন্নয়ন, টেকনিক্যাল ট্রেনিং প্রোগ্রাম এবং সম্ভাব্য প্রীতি ম্যাচ আয়োজনসহ বিভিন্ন সহযোগিতামূলক বিষয়ে প্রাথমিক আলোচনা করে।
আলোচনায় আরও উঠে আসে একটি সংগঠিত উন্নয়ন উদ্যোগের অংশ হিসেবে আর্জেন্টাইন কোচদের পাকিস্তান সফরের সম্ভাবনা। পাশাপাশি পাকিস্তানের ফুটবল কাঠামো শক্তিশালী করতে একটি বিস্তৃত কারিগরি সহযোগিতা কাঠামো গড়ে তোলার বিষয়েও মতবিনিময় হয়।
আর্জেন্টিনায় পাকিস্তান দূতাবাসে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত হাসান আফজাল খান। বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট সৈয়দ মহসিন গিলানি এবং তার প্রতিনিধি দল। এছাড়া আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের বিপণন পরিচালক ফ্রান্সিস্কো লেমিওও উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত হাসান আফজাল খান জানান, এই উদ্যোগ দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার করার পাশাপাশি পাকিস্তানের ফুটবলের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
যদি প্রস্তাবিত এই প্রীতি ম্যাচটি চূড়ান্ত হয়, তবে তা ফিফা বিশ্বকাপের পর অনুষ্ঠিত হবে। কোনো আনুষ্ঠানিক ঘোষণার আগে উভয় ফেডারেশনই এর বিভিন্ন লজিস্টিক (যাতায়াত ও ব্যবস্থাপনা) এবং কারিগরি দিক নিয়ে কাজ চালিয়ে যাওয়ার ব্যাপারে একমত হয়েছে।
সূত্রগুলো জোর দিয়ে জানিয়েছে যে, আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রীতি ম্যাচ বা আনুষ্ঠানিক কোনো উন্নয়ন কর্মসূচি সম্পর্কে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর আগে আরও সমন্বয়ের প্রয়োজন রয়েছে।
মন্তব্য করুন