
পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত বোলিং করে ইতিহাস গড়েছেন পেশোয়ার জালমির তরুণ পেসার আলী রাজা। এই ম্যাচেই তিনি তুলে নেন চলতি আসরের প্রথম হ্যাটট্রিক, যা পেশোয়ার জালমির ইতিহাসেও প্রথম।
মাত্র ১৮ বছর ৩৫ দিন বয়সে এই কীর্তি গড়ে আলী রাজা এখন পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের সর্বকনিষ্ঠ হ্যাটট্রিককারী বোলার।
আলী রাজা ভেঙে দিয়েছেন পাকিস্তানের আরেক পেসার মোহাম্মদ হাসনাইনের রেকর্ড। এর আগে হাসনাইন ১৯ বছর ১২৩ দিন বয়সে হ্যাটট্রিক করে সর্বকনিষ্ঠ বোলার হিসেবে রেকর্ড গড়েছিলেন। এছাড়া, শাহিন শাহ আফ্রিদিও ২০ বছর বয়সে হ্যাটট্রিক করে আলোচনায় এসেছিলেন।
আজ আফ্রিদি-হাসনাইনদের ছাড়িয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন আলী রাজা। টস হেরে ব্যাটিংয়ে নেমে করাচি কিংস শুরুটা বেশ ভালোই করেছিল। ওপেনার ডেভিড ওয়ার্নার ১১ রান করে আলী রাজার বলে বোল্ড হলেও জেসন রয় অন্যপ্রান্ত থেকে আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান। নিজের নবম পিএসএল ফিফটি তুলে নিয়ে রয় খেলেন ৫১ বলে ৮৫ রানের এক বিধ্বংসী ইনিংস, যেখানে ছিল ১১টি চার ও ২টি ছক্কার মার।
মাঝপথে আজম খান ১৯ বলে ৩৫ রানের এক ক্যামিও ইনিংস খেলে দলের রানকে ১৫০’র গণ্ডি পার করান। ইনিংসের শেষ ওভারে আসল চমক দেখান তরুণ পেসার আলী রাজা। ওভারের চতুর্থ বলে খন্দকার শাহ হিট উইকেট হয়ে সাজঘরে ফেরেন। পঞ্চম বলে শহীদ আজিজকে আউট করার পর শেষ বলে হাসান আলীকে শূন্যরানে বিদায় করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন আলী রাজা। আর করাচি কিংস নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে।
পিএসএলের ইতিহাসের প্রথম হ্যাটট্রিককারী বোলার ছিলেন মোহাম্মদ আমির। ২০১৬ সালে করাচির কিংসের হয়ে লাহোর কালান্দার্সের বিপক্ষে টানা তিন বলে তিন উইকেট নেন তিনি। আর এখন পর্যন্ত পিএসএলে হ্যাটট্রিক হয়েছে সাতবার। এর মধ্যে পাঁচজন পাকিস্তানি বোলার, দুইজন বিদেশি।
মন্তব্য করুন