
স্প্যানিশ লা লিগার শিরোপা দৌড়ে গুরুত্বপূর্ণ এক ম্যাচে বড় সুযোগ হাতছাড়া করেছে রিয়াল মাদ্রিদ। জয়ের দ্বারপ্রান্তে পৌঁছেও শেষ মুহূর্তে গোল হজম করে রিয়াল বেতিসের মাঠ থেকে ১-১ ড্র নিয়েই ফিরতে হয়েছে তাদের।
শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে অনুষ্ঠিত এই ম্যাচটি শেষ পর্যন্ত নাটকীয় সমতায় শেষ হয়, যা শিরোপা লড়াইয়ে রিয়ালের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় রিয়াল মাদ্রিদকে। তবে একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পাননি কিলিয়ান এমবাপে।
অষ্টম মিনিটে তার ভলি লক্ষ্যভ্রষ্ট হয়, এরপর একদম পরিষ্কার ওয়ান-অন-ওয়ান সুযোগও কাজে লাগাতে ব্যর্থ হন এই ফরাসি তারকা। ফলে ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ হারায় রিয়াল।
১৬তম মিনিটে ম্যাচের মোড় ঘোরে। দূরপাল্লার জোরালো শট নেন ফেদেরিকো ভালভার্দে যা পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হন বেতিস গোলরক্ষক।
সেই সুযোগ কাজে লাগিয়ে ফিরতি বলে গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। এতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা।
প্রথমার্ধের শেষভাগে ম্যাচে ফিরে আসার একাধিক সুযোগ তৈরি করে বেতিস। কিন্তু বারবার বাধা হয়ে দাঁড়ান রিয়ালের গোলরক্ষক অন্দ্রে লুনিন। দূর থেকে শক্তিশালী শট, বক্সের ভেতরের প্রচেষ্টা সবই দক্ষতার সঙ্গে ঠেকিয়ে দেন তিনি। বিশেষ করে শেষ মুহূর্তে তার টানা দুই সেভ রিয়ালকে লিড নিয়েই বিরতিতে যেতে সাহায্য করে।
দ্বিতীয়ার্ধেও একই চিত্র বেতিস আক্রমণে এগিয়ে, আর লুনিন প্রতিরোধের দেয়াল। ৬৬তম মিনিটে কাছ থেকে নেয়া শক্তিশালী শট এক হাতে উড়িয়ে দিয়ে আবারও দলকে বাঁচান তিনি। অন্যদিকে, এমবাপে একবার বল জালে পাঠালেও অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়।
ম্যাচ যখন শেষের পথে, তখনও জয়ের স্বপ্ন দেখছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু যোগ করা সময়ের নাটকীয়তায় বদলে যায় সব হিসাব। ৯৩ মিনিট ৫ সেকেন্ডে বক্সের ভেতর জটলার মাঝে বল পেয়ে জোরালো শটে জালে পাঠান হেক্টর বেলেরিন। শেষ মুহূর্তের এই গোলে উল্লাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম, আর হতাশায় ডুবে যায় সফরকারীরা।
এই ড্রয়ের ফলে পয়েন্ট তালিকায় পিছিয়ে পড়ল রিয়াল মাদ্রিদ। ৩৩ ম্যাচ শেষে ৭৪ পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে দ্বিতীয় স্থানে। অন্যদিকে শীর্ষে থাকা বার্সেলোনা এক ম্যাচ কম খেলে ৮২ পয়েন্ট নিয়ে এগিয়ে আছে, ফলে ব্যবধান কমানোর বড় সুযোগ হাতছাড়া হলো রিয়ালের।
অন্যদিকে, ৩৩ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে রিয়াল বেতিস। ম্যাচের পরিসংখ্যানও বলে দেয় তাদের লড়াকু মানসিকতার কথা বল দখল ও আক্রমণের দিক থেকে এগিয়ে থেকেই শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত সমতা আদায় করে নেয় স্বাগতিকরা।
মন্তব্য করুন