
বায়ার্ন মিউনিখ আবারও প্রমাণ করল তাদের আধিপত্য। ছয় বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে জার্মান ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা ডিএফবি-পোকাল জিতল তারা। ফাইনালে তারা ৩-০ গোলে হারায় স্টুটগার্টকে।
বার্লিনের ঐতিহাসিক অলিম্পিয়াস্টেডিয়নে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচে শুরুটা ছিল বেশ সতর্ক। দুই দলই প্রথমার্ধে রক্ষণাত্মক কৌশলে খেললেও কোনো পক্ষই বড় সুযোগ তৈরি করতে পারেনি। ফলে বিরতিতে ম্যাচ ছিল গোলশূন্য। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র পুরোপুরি বদলে যায়।
৫৫ মিনিটে মাইকেল ওলিসের দারুণ ক্রস থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন হ্যারি কেইন। এই গোলের পর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় বায়ার্নের হাতে।
৮০ মিনিটে আবারও গোল করেন কেইন। এবার লুইস দিয়াজের নিখুঁত পাস নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত কার্লিং শটে বল জালে জড়ান তিনি।
যোগ করা সময়ে আসে ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত—পেনাল্টি থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ইংল্যান্ড অধিনায়ক। অ্যাঞ্জেলো স্টিলারের হ্যান্ডবলের পর পাওয়া স্পটকিক থেকে কোনো ভুল করেননি তিনি।
এই হ্যাটট্রিকের মাধ্যমে ডিএফবি-পোকাল ফাইনালের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করলেন কেইন। তিনি এখন মাত্র চতুর্থ খেলোয়াড় যিনি ফাইনালে হ্যাটট্রিক করেছেন। এর আগে এই কীর্তি গড়েছিলেন উভে সিলার, রোলান্ড ভোলফার্থ এবং রবার্ট লেভানদোস্কি।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচে ৬১ গোল করেছেন কেইন—যা তার অসাধারণ ফর্মেরই প্রমাণ। শুধু ডিএফবি-পোকালেই তার গোল সংখ্যা দাঁড়িয়েছে ১০-এ।
বুন্দেসলিগা শিরোপার পর এবার ডিএফবি-পোকালও জিতে ঘরোয়া ডাবল নিশ্চিত করল বায়ার্ন মিউনিখ। শক্তিশালী পারফরম্যান্সে তারা আবারও ইউরোপীয় ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্বের দাবি জোরালো করল।
মন্তব্য করুন