
নারী সাফ চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে মিশন শুরু করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে গত দুই আসরের চ্যাম্পিয়নরা। যদিও ম্যাচজুড়ে বাংলাদেশের পারফরম্যান্সে ছিল আত্মবিশ্বাসের পাশাপাশি কিছু দুর্বলতাও।
জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে দর্শক উপস্থিতি ছিল খুবই কম। স্টেডিয়ামের বাইরে টুর্নামেন্ট ঘিরে তেমন কোনো উৎসব কিংবা প্রচারণাও চোখে পড়েনি। ফাঁকা গ্যালারির মধ্যেই মাঠে নামে বাংলাদেশ ও মালদ্বীপের মেয়েরা।
ম্যাচ শুরুর মাত্র ১১ সেকেন্ডের মাথায় এগিয়ে যায় বাংলাদেশ। কিক অফের পর বল পেয়ে বাঁ দিক দিয়ে আক্রমণে যান ঋতুপর্ণা চাকমা। তার নিচু ক্রস থেকে ডান পায়ের শটে গোল করেন সুইডেন প্রবাসী ফরোয়ার্ড আনিকা রানিয়া সিদ্দিকী। লাল-সবুজ জার্সিতে এটি ছিল আনিকার প্রথম গোল।
শুরুর দিকে বাংলাদেশের আক্রমণ ছিল ধারালো। তৃতীয় মিনিটে প্রায় ‘অলিম্পিক গোল’ পেয়ে যাচ্ছিলেন ঋতুপর্ণা। তার কর্নার পোস্টে লেগে ফিরে আসে। এরপরও একের পর এক আক্রমণে মালদ্বীপের রক্ষণভাগকে চাপে রাখে বাংলাদেশ।
১২তম মিনিটে ঋতুপর্ণার নিচু ক্রস থেকে সুযোগ পেয়েও গোল করতে পারেননি শামসুন্নাহার জুনিয়র। পরে ২৮ মিনিটে মারিয়া মান্দার আড়াআড়ি পাস থেকে শামসুন্নাহারের শট ক্রসবারে লেগে বাইরে চলে যায়।
তবে ৩৪ মিনিটে দ্বিতীয় গোল পায় বাংলাদেশ। শামসুন্নাহার জুনিয়রের ক্রস থেকে জোরালো শটে গোল করেন উমেহ্লা মারমা। এতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।
দুই গোল পিছিয়ে থেকেও হাল ছাড়েনি মালদ্বীপ। বাংলাদেশের মাঝমাঠের ভুল পাস থেকে সুযোগ তৈরি করে তারা। মরিয়ম নোরার দূরপাল্লার শট গোলরক্ষক মিলি আক্তারকে পরাস্ত করে জালে জড়ায়।
দ্বিতীয়ার্ধে আরও বড় ভুল করে বাংলাদেশের রক্ষণভাগ। ৫৬তম মিনিটে সেন্টার ব্যাক আফঈদা খন্দকারের ভুলের সুযোগ নিয়ে সমতায় ফেরান মালদ্বীপের আমিনাথ ফাজলা। এতে ম্যাচে কিছুটা চাপে পড়ে যায় বাংলাদেশ।
সমতায় ফেরার পর দ্রুত পরিবর্তন আনেন কোচ বাটলার। মাঠে নামানো হয় শাহেদা আক্তার রিপা ও তহুরাকে। এরপর ৬৪তম মিনিটে আবারও এগিয়ে যায় বাংলাদেশ। ঋতুপর্ণার ক্রস গোলরক্ষকের হাত ফসকে বেরিয়ে গেলে সামনে থাকা প্রীতি সহজ শটে গোল করেন।
শেষ মুহূর্তে কোহাতি কিসকুর গোলে ৪-২ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ। এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশের মেয়েদের।
এর আগে মালদ্বীপ ভারতের কাছে ১১-০ গোলে হেরেছিল। ফলে টানা দুই হারে টুর্নামেন্ট থেকে কার্যত ছিটকে গেছে তারা। অন্যদিকে বাংলাদেশের সামনে এখন গ্রুপসেরা হওয়ার সুযোগ।
আগামী ৩১ মে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচেই নির্ধারণ হবে গ্রুপ চ্যাম্পিয়ন কারা হবে।
মন্তব্য করুন