
ক্রিকেট এমন একটি খেলা, যেখানে প্রতিভা গড়ে তোলে খ্যাতি আর সেই খ্যাতির পেছনে ছুটে আসে অর্থ ও ব্র্যান্ড ভ্যালু। এই সময়ের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি হলো ভারতের কিশোর ক্রিকেটার বৈভব সূর্যবংশী।
মাত্র ১৫ বছর বয়সেই বিহারের এই তরুণ ব্যাটসম্যান ক্রিকেট বিশ্বে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। বিশ্বের নামকরা বোলারদের বিপক্ষে তার আগ্রাসী ব্যাটিং ইতোমধ্যেই তাকে আইপিএলের অন্যতম আলোচিত ক্রিকেটারে পরিণত করেছে।
চলতি আইপিএল মৌসুমে বৈভব সূর্যবংশীর পারফরম্যান্স সত্যিই নজরকাড়া। তিনি এখন পর্যন্ত ২৩৭-এর বেশি স্ট্রাইক রেটে ৭৭৬ রান করেছেন। শুধু রানই নয়, তার ব্যাটিং স্টাইল ও ধারাবাহিক আক্রমণাত্মক মনোভাব তাকে ভক্তদের পাশাপাশি ক্রিকেট বিশেষজ্ঞদের কাছেও প্রিয় করে তুলেছে।
এই পারফরম্যান্সের কারণে তিনি এখন টুর্নামেন্টের শীর্ষ ব্যাটারদের তালিকায় অবস্থান করছেন।
সূর্যবংশীর দ্রুত উত্থান তার বাণিজ্যিক মূল্যকেও বহু গুণ বাড়িয়ে দিয়েছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, বর্তমানে তিনি ব্যাট স্পন্সরশিপ থেকে বছরে প্রায় ৫০ লাখ রুপি আয় করছেন।
তবে তার জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে নতুন এক স্পন্সর সংস্থা তাকে বছরে প্রায় ১২ কোটি টাকার প্রস্তাব দিয়েছে—যা অনেক প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেটারদের চেয়েও বেশি।
ক্রিকব্লগার-এর তথ্য অনুযায়ী, তার বর্তমান চুক্তিতে ভালো প্রস্তাব এলে সেটি পরিবর্তনের সুযোগও রাখা হয়েছে।
একটি সূত্রের মতে, তরুণ এই ক্রিকেটারের জনপ্রিয়তা ও পারফরম্যান্স তাকে আলাদা উচ্চতায় নিয়ে গেছে। সেখানে বলা হয়— ঋষভ পান্ত দেশের হয়ে মাত্র একটি ফরম্যাটেই খেলে। সে যদি বছরে আট কোটি টাকা চাইতে পারে, তাহলে বৈভব কেন পাবে না?
একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বেশিরভাগ স্পন্সর সাধারণত ৫ কোটি টাকার বেশি অফার দিতে চান না। কিন্তু বৈভব সূর্যবংশীর ক্ষেত্রে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন—তার ফর্ম ও ফ্যান ফলোয়িং অন্য সবাইকে ছাড়িয়ে গেছে।
মন্তব্য করুন