
চৈত্রের শেষ এবং বৈশাখের শুরুতেই বাংলাদেশজুড়ে তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করেছে। দেশের বিভিন্ন অঞ্চলে প্রচণ্ড রোদ ও গরমে জনজীবন প্রায় অচল হয়ে পড়েছে, সৃষ্টি হয়েছে চরম অস্বস্তিকর পরিস্থিতি।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, বুধবার (১৫ এপ্রিল) দেশজুড়ে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে তাপপ্রবাহের বিস্তৃতি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি আগামী দিনেও চলতে পারে। পাশাপাশি এই তাপপ্রবাহ বিস্তার লাভ করতে পারে। একইসঙ্গে আজ সারাদেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস।
জানা যায়, গতকাল সারাদেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে তাপপ্রবাহ বয়ে যাওয়া অন্য এলাকাগুলোর মধ্যে পাবনার ঈশ্বরদীতে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস, কুষ্টিয়ার কুমারখালীতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং যশোরে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল গতকাল।
গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
এ বিষয়ে গতকাল রাতে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক মুঠোফোনে বলেন, বৈশাখের প্রথম দিন দেশের বেশ কিছু অঞ্চলে তাপপ্রবাহ বয়ে গেছে। বুধবার তাপপ্রবাহের এলাকা বাড়তে পারে।
মন্তব্য করুন