
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ মোট ১৩ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার (২৯ মে) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, ঢাকা, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, ফরিদপুর এবং টাঙ্গাইল জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে, দেশের অন্যান্য জেলার ওপর দিয়েও পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এসব এলাকাতেও বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির শঙ্কা রয়েছে। তাই সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদফতরের আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী কয়েক দিন দেশের সব বিভাগেই ঝড়বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
মন্তব্য করুন