
দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার পরিস্থিতি আবারও অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, যশোরসহ মোট ১৯টি জেলায় সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে—রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো আবহাওয়া বয়ে যেতে পারে।
এই সময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া বইতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
ঝড়-বৃষ্টির আশঙ্কায় সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এতে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি ও স্থানীয় বায়ুচাপের তারতম্যের কারণে দেশের বিভিন্ন স্থানে হঠাৎ করে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই উপকূলীয় ও অভ্যন্তরীণ নদীপথে চলাচলকারীদের সতর্ক থাকতে বলা হয়েছে।
মন্তব্য করুন