
যশোরের অভয়নগরে মনিরুল ইসলাম মনা (৫০) নামে এক দুধ বিক্রেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার মহাকাল গ্রামের ভৈরব সেতু-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মনিরুল ইসলাম মনা উপজেলার মশরহাটি গ্রামের মৃত মুরাদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ভাঙাগেট বাজার থেকে দুধ বিক্রি শেষে বাড়ি ফিরছিলেন মনিরুল ইসলাম মনা। পথিমধ্যে মহাকাল গ্রামের ভৈরব সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে। পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তারা পালিয়ে যায়।
তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন। পরে তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।
স্থানীয় বাসিন্দা সেলিম জানান, মনিরুল ইসলাম মনা দীর্ঘদিন ধরে দুধ বিক্রির ব্যবসার সঙ্গে জড়িত। তার বেশ কয়েকটি গরুও রয়েছে। কী কারণে তার ওপর এ হামলা হয়েছে, তা এখনো জানা যায়নি।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
মন্তব্য করুন