
যশোরের বাঘারপাড়া উপজেলার বহরমপুর গ্রামে ট্রাক ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করে ভাঙচুর চালালেও ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।
সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় উপজেলার বহরমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বহরমপুর গ্রামের রোস্তম বিশ্বাসের বড় ছেলে মিঠুন হোসেন (২২) বাজার থেকে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে ধলগাঁ সড়কের দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তার বাইসাইকেলকে সজোরে ধাক্কা দেয়।
এ সময় মিঠুন হোসেন ছিটকে সড়কের ওপর পড়ে যান এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটি আটক করে ভাঙচুর চালায়। প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনাস্থলে প্রশাসনের উপস্থিতি না থাকায় সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মিঠুন হোসেনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন