
রাজশাহী জেলার মোহনপুর উপজেলায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে মাহিন্দ্রা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (১০ জুন) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে উপজেলার খাড়ইল মিলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন মোহনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়ামিন আলী।
পুলিশ সূত্র জানায়, খাড়ইল মিলঘর এলাকায় একটি যাত্রীবাহী মাহিন্দ্রার সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হলে মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মাহিন্দ্রায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন। এ সময় দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন কেশরহাট ইসলামী ব্যাংকের কর্মকর্তা মো. মারুফ হোসেন (৩৭)। তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার চক শ্যামরাই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
দুর্ঘটনার খবর পেয়ে মোহনপুর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এদিকে, গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। তবে তার পরিচয় এখনও জানা যায়নি। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং আরও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে মোহনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়ামিন আলী জানান, দুর্ঘটনার পর একজনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। বাকিদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন