
পাবনা-ঢাকা মহাসড়কে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫ জন নিহত এবং ৪ জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে পাবনার আতাইকুলা থানার সড়াডাঙ্গী কড়ইতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা থেকে একটি যাত্রীবাহী বাস পাবনার দিকে যাচ্ছিল। একই সময়ে রাজশাহী থেকে একজন রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথে সড়াডাঙ্গী কড়ইতলা এলাকায় পৌঁছালে বাস ও অ্যাম্বুলেন্সের মধ্যে সরাসরি মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। এতে অ্যাম্বুলেন্সে থাকা ৫ জন ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া দুর্ঘটনায় আরও অন্তত ৪ জন গুরুতর আহত হন।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে।
মন্তব্য করুন