
ইরানের সামরিক স্থাপনাগুলোতে মার্কিন বাহিনীর নতুন হামলার পর মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালী দিয়ে তেল ও গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কায় আন্তর্জাতিক বাজারে টানা চতুর্থ দিনের মতো অপরিশোধিত তেলের দাম বেড়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রকাশিত আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, ইরান-মার্কিন সামরিক উত্তেজনা এবং সম্ভাব্য জ্বালানি সংকটের আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দামে ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে।
সর্বশেষ বাজার তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড-এর দাম ০.৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৫.২৮ ডলারে পৌঁছেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ০.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৮০.০২ ডলারে দাঁড়িয়েছে।
চলমান এই সংঘাত শুরু হওয়ার আগে বিশ্বের মোট উৎপাদিত অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালীর কৌশলগত জলপথ দিয়েই বিশ্ববাজারে পরিবাহিত হতো।
সাম্প্রতিক দিনগুলোতে সেখানে উপর্যুপরি সামরিক হামলার কারণে নৌপথে জ্বালানি প্রবাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। বৈশ্বিক খ্যাতনামা বিনিয়োগ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্স তাদের এক পূর্বাভাসে জানিয়েছে যে পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর তেল রপ্তানি যদি এভাবে দীর্ঘ সময় বাধাগ্রস্ত থাকে, তবে বছরের চতুর্থ প্রান্তিকে ব্রেন্ট ক্রুডের মূল্য ব্যারেল প্রতি ১১০ ডলার ছাড়িয়ে যেতে পারে।
সূত্র: আল জাজিরা
মন্তব্য করুন