
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের বন্দরগুলোতে পুনরায় নৌ অবরোধ আরোপ এবং এর প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে তেহরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। এর সরাসরি প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।
সর্বশেষ বাজার তথ্যে দেখা গেছে, ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৫৮ সেন্ট বা ০.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮৫.৩১ ডলারে পৌঁছেছে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ৩৫ সেন্ট বা ০.৪ শতাংশ বেড়ে ৭৯.৬৯ ডলার প্রতি ব্যারেলে দাঁড়িয়েছে।
এর আগে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় মঙ্গলবার বিশ্ববাজারে তেলের দাম প্রায় ২ শতাংশ বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছিল।
জ্বালানি বাজার বিশেষজ্ঞরা জানিয়েছেন যে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয়, তার ওপরই তেলের ভবিষ্যৎ দাম নির্ভর করছে। বিশ্ববাজারে তেলের পর্যাপ্ত জোগান থাকলেও হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সংঘাত আরও বাড়লে কিংবা ইরানি তেল রপ্তানির ওপর নতুন কোনো কঠোর নিষেধাজ্ঞা এলে তা বাজারকে দ্রুত সংকুচিত করে তুলবে।
উল্লেখ্য যে বর্তমান মার্কিন-ইসরায়েল ও ইরান যুদ্ধ শুরু হওয়ার আগে বিশ্বের মোট উৎপাদিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালী দিয়েই পরিবাহিত হতো।
সূত্র: রয়টার্স
মন্তব্য করুন