
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকির নবনিযুক্ত সাব-ইন্সপেক্টরদের সব ধরনের ভয়ভীতি, প্রভাব, অনুরাগ-অনুকম্পা ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে মামলা তদন্ত এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমীতে ৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই)-২০২৫ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে আইজিপি বলেন, পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।
তিনি বলেন, গণতান্ত্রিক পুলিশ ব্যবস্থার অন্যতম পূর্বশর্ত হলো স্বচ্ছতা ও জবাবদিহিতা। অপরাধ দমনে কঠোর হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে বিনয়ী, মানবিক ও বন্ধুসুলভ আচরণ করার আহ্বান জানান তিনি।
আইজিপি বলেন, সেবা নিতে আসা কোনো মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সদস্যদের সর্বদা সজাগ থাকতে হবে। পাশাপাশি দ্রুত পরিবর্তনশীল অপরাধপ্রবণতা, বিশেষ করে সাইবার অপরাধ মোকাবিলায় প্রযুক্তিগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
আইজিপি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে প্রতিটি পুলিশ সদস্যকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নিরপরাধ, বিপন্ন ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
এর আগে প্রধান অতিথি হিসেবে আইজিপি মো. আলী হোসেন ফকির ৫০০ প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত বর্ণাঢ্য কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ একাডেমীর প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) জি এম আজিজুর রহমান উপস্থিত ছিলেন। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (লজিস্টিকস) শুভ কুমার ঘোষ।
বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে শাহরিয়ার হাসান সিজান (পিএ-৪২৩১২) ‘বেস্ট ক্যাডেট’, মো. সাইফুল ইসলাম (পিএ-৪২৮০৬) ‘বেস্ট একাডেমিক’, তৌকির আহমেদ (পিএ-৪২৩২৪) ‘বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ’, আশরাফুল ইসলাম (পিএ-৪২৫০৩) ‘বেস্ট সুইমার’ এবং মো. কামরান শেখ (পিএ-৪২৩৩৯) ‘বেস্ট শুটার’ নির্বাচিত হন।
বাংলাদেশ পুলিশ একাডেমী সূত্রে জানা গেছে, মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর ৪২তম ক্যাডেট এসআই-২০২৫ ব্যাচের ৫০০ সদস্যকে দুই বছরের বাস্তবমুখী প্রশিক্ষণের জন্য বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে পদায়ন করা হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির অধ্যক্ষ জি এম আজিজুর রহমান উপস্থিত ছিলেন। সহকারী পুলিশ সুপার শুভ কুমার ঘোষ প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।
এ সময় রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, প্রশিক্ষণ সমাপ্তকারী এসআইদের অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন