
স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন ও প্রয়োজনীয় পুষ্টি উপাদানের অন্যতম উৎকৃষ্ট উৎস হলো চিনাবাদাম। এটি দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করার পাশাপাশি হৃদ্স্বাস্থ্য রক্ষা, কোলেস্টেরল নিয়ন্ত্রণ, হজমশক্তি উন্নত করা এবং ওজন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষজ্ঞদের মতে, নির্দিষ্ট নিয়মে ভিজিয়ে চিনাবাদাম খেলে এর পুষ্টিগুণ আরও কার্যকরভাবে শরীরে শোষিত হয়।
চিনাবাদামে কার্বোহাইড্রেটের পরিমাণ তুলনামূলক কম হলেও এতে রয়েছে পর্যাপ্ত প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট, ফাইবার ও ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম শরীরে ইনসুলিনের কার্যকারিতা বজায় রাখতে সহায়তা করে, যা রক্তে শর্করা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এছাড়া এতে থাকা ফাইবার, আর্জিনিন এবং স্বাস্থ্যকর ফ্যাট হৃদ্রোগের ঝুঁকি কমাতে সহায়ক। ফাইবারসমৃদ্ধ হওয়ায় এটি কোষ্ঠকাঠিন্য কমায় এবং হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে।
আমেরিকান জার্নাল অব নিউট্রিশন বলছে, রক্তচাপ ও খারাপ কোলেস্টেরল (এলডিএল)-এর পরিমাণ কমে মাত্র ৩০ গ্রাম চিনাবাদাম খেলেই। খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমে যাওয়ায় হৃদরোগের আশঙ্কা কমে।
আমেরিকার ন্যাশনাল পি-নাট বোর্ডের মতে, চিনাবাদামে প্রচুর পরিমাণ মনো-স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে, থাকে ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড। কিন্তু কোনও রকম ট্রান্স ফ্যাট থাকে না। হার্ভার্ড হেলথ লেটার বলছে, ধমনী পরিষ্কারে ভূমিকা রয়েছে মনো-স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের। এর উপস্থিতি রক্ত সংবহন নিয়ন্ত্রণে রাখে। ফলে হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকেরও আশঙ্কা কম থাকে।
চিনাবাদামে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ই। এটি ফ্যাটে দ্রবীভূত একটি অ্যান্টি-অক্সিড্যান্ট। কোষকে অক্সিডেটিভ স্ট্রেস সংক্রান্ত ক্ষতির থেকে রক্ষা করে। তাই ক্যানসারের ঝুঁকিও কমে। বিপাকের হার বাড়িয়ে ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে চিনাবাদাম, তবে তা একটি নির্দিষ্ট পরিমাণে। ন্যাশনাল ইনস্টিটিউট অন ডায়াবিটিস অ্যান্ড ডাইজেসটিভ অ্যান্ড কিডনি ডিজিজের বেশ কয়েকটি গবেষণায় প্রকাশ, গলব্লাডারে পাথরের সমস্যাও ২৫ শতাংশ কমে রোজ অন্তত একটি কাঁচা চিনাবাদাম ভিজিয়ে খেলে।
আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে, ৬ থেকে ৭ গ্রাম বাদাম সপ্তাহে চার থেকে পাঁচ দিন খাওয়া যেতে পারে। তবে অ্যালার্জির সমস্যা থাকলে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
পুষ্টিবিদ ও চিকিৎসকদের মতে, কাঁচা বাদাম বা রোস্ট করে খাওয়া বাদাম থেকে সম্পূর্ণ পুষ্টিগুণ পাওয়া যায় না। এছাড়া বাজারের প্যাকেটজাত বাদামেও থাকে অতিরিক্ত লবণ যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বাদাম অন্তত ৮-১০ ঘণ্টা ভিজিয়ে তারপর খেলে সম্পূর্ণ পুষ্টিগুণ লাভ করে শরীর।
মন্তব্য করুন