
ভারতে প্রশ্নফাঁস রোধে সরকারের পরিকল্পনা ও নেওয়া বিভিন্ন পদক্ষেপ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভিডিও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিডিওটি প্রকাশের পর তরুণদের কাছ থেকে ইতিবাচক সাড়া ও বিভিন্ন পরামর্শ পাওয়ায় তাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
শুক্রবার মধ্যরাতে দেওয়া এক ইনস্টাগ্রাম বার্তায় মোদি বলেন, ইতিবাচক সাড়া এবং মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। তরুণদের ভালোবাসা ও সমর্থন সরকারের সঙ্গে তাদের সম্পর্ক আরও দৃঢ় করবে বলেও মন্তব্য করেন তিনি।
দিল্লির জন্তর মন্তরে প্রশ্নফাঁসের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই প্রকাশিত ভিডিও বার্তায় মোদি বলেন, প্রশ্নফাঁস কোনো সাধারণ বিষয় নয়। এর কারণে লাখো শিক্ষার্থী ও তাদের পরিবারকে চরম ভোগান্তি ও মানসিক কষ্টের মধ্য দিয়ে যেতে হয়।
প্রধানমন্ত্রী জানান, গত আড়াই মাসে প্রশ্নফাঁসের মতো ঘটনা মোকাবিলায় সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে। তার দাবি, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের একটি শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয়, সেজন্য দ্রুত পরীক্ষা আয়োজনকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
মোদি আরও বলেন, প্রশ্নফাঁস সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের প্রস্তাব তার কাছে এসেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রিসভার অনুমোদনের পর আগামী সপ্তাহে পার্লামেন্টে এ সংক্রান্ত বিল দ্রুত পাসের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
এদিকে প্রশ্নফাঁস ইস্যুতে শিক্ষার্থীদের আন্দোলনের পর কেন্দ্রীয় সরকার বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে উচ্চশিক্ষা সচিব বিনীত যোশিকে অন্য মন্ত্রণালয়ে বদলি এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) ৪৭ কর্মীকে বরখাস্তের বিষয়টি উল্লেখযোগ্য।
তবে আন্দোলনকারীরা তাদের মূল দাবি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ থেকে সরে আসেননি। শুক্রবার আন্দোলনকারী প্রতিনিধিরা কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক করে তাদের দাবিপত্র জমা দেন। এতে নিট প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের দাবিও অন্তর্ভুক্ত ছিল।
এদিকে, সরকারি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ধর্মেন্দ্র প্রধান বিজেপির পূর্ণ সমর্থন পাচ্ছেন এবং তাকে মন্ত্রিসভা থেকে সরানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।
মন্তব্য করুন