
সদ্য শেষ হওয়া ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর থেকেই লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। তবে আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে প্রকাশিত নতুন প্রতিবেদনে মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সম্ভাব্য সময়রেখা উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, আর্জেন্টিনার জার্সিতে আর কোনো বিশ্বকাপে দেখা যাবে না ৩৯ বছর বয়সী এই ফুটবল মহাতারকাকে। তবে এখনই আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিচ্ছেন না তিনি। জাতীয় দলে একটি মসৃণ প্রজন্মান্তর নিশ্চিত করতে আরও কয়েক মাস খেলা চালিয়ে যেতে পারেন মেসি। এরপরই বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার পরিকল্পনা রয়েছে তার।
সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, আর্জেন্টিনার হয়ে পরবর্তী বিশ্বকাপে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা মেসির নেই। তবে হঠাৎ করেই বুট জোড়া তুলে রাখছেন না তিনি। বরং নতুন প্রজন্মের খেলোয়াড়দের জাতীয় দলের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ দিতে আরও কিছু সময় মাঠে থাকতে চান আর্জেন্টাইন অধিনায়ক। এরপর নিকট ভবিষ্যতেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন তিনি।
মেসির বিদায়কে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নেওয়ার পরিকল্পনাও করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম বিইন স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, মেসির জন্য একটি জাঁকজমকপূর্ণ ও হাই-প্রোফাইল বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে এএফএ। এর মাধ্যমে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা এই তারকাকে রাজকীয়ভাবে বিদায় জানানোর সুযোগ পাবেন ভক্তরা। সাধারণত বড় তারকাদের অবসর সামাজিক যোগাযোগমাধ্যমের কোনো পোস্ট বা সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনের মধ্যে সীমাবদ্ধ থাকলেও, ১০ নম্বর জার্সিধারীর ক্ষেত্রে এটি এক জমকালো ও অবিস্মরণীয় আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
এর আগে ২০২৬ বিশ্বকাপে ৩৯ বছর বয়সেও দারুণ ছন্দে ছিলেন মেসি। বয়সকে পাত্তা না দিয়ে পুরো আসরে আটটি গোল ও চারটি অ্যাসিস্ট করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হন তিনি। কিন্তু স্পেনের কাছে হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান মেসি। ওই সময় দলের কোচ লিওনেল স্কালোনি জানিয়েছিলেন, মেসির জন্য জাতীয় দলের দরজা সব সময়ই খোলা থাকবে।
আন্তর্জাতিক ফুটবলে মেসির ক্যারিয়ার ছিল সাফল্য ও ব্যর্থতার নানা বাঁকে পূর্ণ। ক্যারিয়ারের এক পর্যায়ে টানা কয়েকটি বড় টুর্নামেন্টের ফাইনালে হেরে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। তবে পরবর্তীতে সেই হতাশা পেছনে ফেলে আর্জেন্টিনাকে ফুটবল ইতিহাসের অন্যতম সফল সময়ে নেতৃত্ব দেন এই কিংবদন্তি ফরোয়ার্ড।
মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা, ২০২২ বিশ্বকাপ এবং ২০২৪ সালের কোপা আমেরিকার শিরোপা জেতে। সেই সাফল্যের ধারাবাহিকতায় সর্বশেষ ২০২৬ বিশ্বকাপেও দলকে ফাইনালে তুলেছিলেন তিনি। এখন মেসির সম্ভাব্য অবসর এবং তার জন্য পরিকল্পিত বিদায়ী ম্যাচের দিকেই তাকিয়ে আছেন বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমী।
মন্তব্য করুন