
নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে সিজেপি। সংগঠনটির দাবি, শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন প্রত্যাহার করা হবে না।
তবে ভারতের কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়েছে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কোনো সম্ভাবনা নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার এ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। সরকারের শীর্ষ পর্যায়ের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সরকারের এই অবস্থান থেকে ধারণা করা হচ্ছে, আন্দোলনের চাপের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে সরানোর কোনো পরিকল্পনা আপাতত নেই।
এদিকে শুক্রবার দ্বিতীয় দফায় সিজেপির প্রতিনিধিদলের সঙ্গে ও ভারতের কেন্দ্রীয় সরকারের মধ্যে বৈঠক হয়েছে। শুক্রবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে সিজেপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং।
বৈঠকের পর সিজেপি জানিয়েছে যে, তারা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় রয়েছে। সিজেপির পক্ষ থেকে আরও বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার তাদের দাবির বিষয়ে আগামীকাল বিকেল পর্যন্ত সময় চেয়েছে।
সিজেপি’র মুখপাত্র সৌরভ দাস জানান, তারা সরকারের কাছে তাদের তিনটি শর্তের তালিকা দিয়েছে। এগুলো হচ্ছে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, নিট পরীক্ষায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের জন্য ১ কোটি রুপি ক্ষতিপূরণ এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো এফআইআর নয়।
মন্তব্য করুন