রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

রাষ্ট্রপতি পদে কে আসছেন, আলোচনায় বিএনপির চার জ্যেষ্ঠ নেতা

ঢাকা অফিস
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১০:০৯ এএম
রাষ্ট্রপতি পদে কে আসছেন, আলোচনায় বিএনপির চার জ্যেষ্ঠ নেতা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। সরকার ও বিএনপির উচ্চপর্যায়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে একজন গ্রহণযোগ্য ও নির্ভরযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

সরকারের দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মাথায় রাষ্ট্রপতি পদে নতুন ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার বিষয়ে শুক্রবার পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক বার্তা পাওয়া যায়নি। তবে সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছে। এর পাশাপাশি সাবেক এক প্রধান বিচারপতি এবং গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন আমলার নামও আলোচনায় এসেছে।

বিশ্লেষকদের মতে, প্রচলিত সাংবিধানিক ব্যবস্থায় রাষ্ট্রপতি পদত্যাগ করলে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি মূলত প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত ও রাজনৈতিক সমঝোতার ওপর নির্ভর করবে।

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় সংবিধান অনুযায়ী স্পিকার সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। পরবর্তী সময়ে নির্ধারিত সাংবিধানিক প্রক্রিয়ায় জাতীয় সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কথা রয়েছে। আগামী সেপ্টেম্বরে জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন বসার কথা রয়েছে।

বিএনপি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, নতুন রাষ্ট্রপতি পদে দলের চার জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় রয়েছে। তারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন ধরে বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় নেতাকর্মী ও রাজনৈতিক মহলের অনেকের ধারণা, সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রাষ্ট্রপতি পদে তাঁর নামই সবচেয়ে বেশি আলোচিত। তবে তিনি নিজে এ দায়িত্ব নিতে আগ্রহী কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেন ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে সাড়া দিয়ে বিএনপিতে যোগ দেন। দলটির প্রথম ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। দীর্ঘদিনের এই রাজনীতিক বর্তমানে শারীরিকভাবে অসুস্থ এবং দেশে-বিদেশে চিকিৎসা নিয়েছেন।

ড. আব্দুল মঈন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ছিলেন। বিএনপির রাজনীতিতে তিনিও অন্যতম জ্যেষ্ঠ নেতা। বয়োজ্যেষ্ঠ এই নেতা সজ্জন হিসেবে দল ও দলের বাইরে পরিচিত। তিনিও বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছেন।

দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নামও আলোচনায় আছে। পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে খ্যাতি আছে তাঁর। বাকি তিনজন সংসদ সদস্য হলেও তিনি তা নন।

বিএনপির চার জ্যেষ্ঠ নেতার বাইরে একজন আমলার নাম শুরুতে আলোচনায় এসেছে। এর বাইরে অবসরে যাওয়া একজন প্রধান বিচারপতির নাম আলোচনায় যুক্ত হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, ‘রাজনীতিবিদরা দলের জন্য স্যাক্রিফাইস (ত্যাগ) করেন, তারা রাজনীতি বোঝেন। সুতরাং সেখান থেকেই আসা উচিত।’

দিলারা চৌধুরীর মতে, এটা মূলত নির্ভর করবে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর। তিনি কাকে পছন্দ করেন, সেটা গুরুত্বপূর্ণ। কারণ, সংসদে বিএনপি সংখ্যাগরিষ্ঠ। তবে রাষ্ট্রপতি যিনিই হোন, তাতে বিদ্যমান রাষ্ট্রকাঠামোয় তেমন কোনো পরিবর্তন আসবে না।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোথায় থেকে হামলা চালাচ্ছে হুথিরা, খুঁজে পাচ্ছে না সৌদি আরব

যশোরে উদীচীর ‘শ্রাবণ সন্ধ্যা ১৪৩৩’ উদযাপন

ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন যশোরের অনন্যা

যবিপ্রবির কোষাধ্যক্ষ হিসেবেযোগ দিলেন অধ্যাপক ড. ফারুক হাসান

যশোরে বায়োজিন কসমেসিউটিক্যালসের উদ্বোধন করলেন অভিনেত্রী মিম

জীবন বাঁচানোর লড়াইয়ে শিক্ষিকা ইয়াসমিন, পাশে মানবিকতার হাত

মাগুরায় পুলিশ সুপার কাপ সম্প্রীতি ফুটবল ম্যাচে শত্রুজিতপুরের জয়

খননের মাধ্যমে দেশের খালগুলো পুনর্জীবিত করা হবে: সংস্কৃতি মন্ত্রী

বাঘারপাড়ায় ফুটবল ট্যালেন্ট হান্টের চূড়ান্ত বাছাই ও প্রীতি ম্যাচ

শিশুকে ডেকে নিয়ে সোনার দুল নিয়ে পালাল প্রতারক

হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু

টক দই খান প্রতিদিন

ব্যক্তিগত অপরাধের দায় নেবে না বিএনপি: সোমনাথ দে

প্রবীণ সাংবাদিক এস ওয়াজেদের ইন্তেকাল, কচুয়াজুড়ে শোক

ডেঙ্গু প্রতিরোধে সুনামগঞ্জে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস

৬ সেপ্টেম্বর এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন

মণিরামপুরে ফজরের নামাজে যাওয়ার পথে ইমামকে পিটিয়ে মোটরসাইকেল ছিনতাই

মণিরামপুরে তৃণমূল বিএনপিকে শক্তিশালী করতে শ্যামকুড়ে যৌথ মতবিনিময় সভা

জীবনে দ্বিতীয়বার উচ্ছেদের শঙ্কা, সরকারের হস্তক্ষেপ চান রূপগঞ্জবাসী

X