
জাতীয় সংসদে হিজাব-নিকাব নিয়ে কটাক্ষ এবং দেশব্যাপী অব্যাহত ধর্ষণের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
রোববার (১৪ জুন) রাতে দলটির ঢাকা মহানগরী শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
রাত সাড়ে ৯টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে এটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজার। তিনি অভিযোগ করে বলেন, জাতীয় সংসদে দাঁড়িয়ে বিরোধীদলীয় নারী সংসদ সদস্যদের হিজাব, নিকাব ও পর্দাকে লক্ষ্য করে বিএনপি সাংসদ মনিরুল হক চৌধুরীর কুরুচিপূর্ণ মন্তব্য এবং অন্যান্য সাংসদদের টেবিল চাপড়ে উল্লাস প্রকাশ চরম ধৃষ্টতা।
সংসদে ধর্মানুরাগী নারী সংসদ সদস্যদের নিয়ে কটাক্ষ করার সময় অন্যান্য নারী সদস্যরাও সমর্থন জানিয়েছেন, যা জাতির জন্য লজ্জার। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, অবিলম্বে সংসদে দেওয়া অবমাননাকর বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে। অন্যথায় সাধারণ ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশ থেকে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদ জানিয়ে শিবিরের এই নেতা দাবি করেন, অভ্যুত্থান-পরবর্তী দেশে অন্তত দুই শতাধিক ধর্ষণের সঙ্গে বিএনপি, ছাত্রদল ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়িত। বিএনপি আজ ধর্ষকদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। দেশজুড়ে অব্যাহত নারী নির্যাতন সামাজিক নিরাপত্তাহীনতাকে চরম পর্যায়ে নিয়ে গেছে। মা-বোনদের ইজ্জত রক্ষা ও একটি নৈতিক সমাজ গঠনে আজ ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।
এ সময় বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম সমালোচনা করে বলেন, দেশে খুন, ধর্ষণ, প্রকাশ্যে গুলি করে মানুষ হত্যা ও মসজিদে গোলাগুলির মতো ঘটনা ঘটলেও স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয়ের ব্যাপারে উদাসীন ভূমিকা পালন করছেন।
ঢাকা মহানগর উত্তর ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলাম সায়েমের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম, ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, ঢাকা মহানগর পূর্বের সভাপতি ও ডাকসুর পরিবহণ সম্পাদক আসিফ আব্দুল্লাহ, দক্ষিণ সভাপতি হাফেজ দেলোয়ার হোসাইন এবং পশ্চিম সভাপতি হাফেজ আবু তাহেরসহ মহানগরীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
মন্তব্য করুন
১৪ জুন ২০২৬, ০৯:৪৪ পিএম
১৫ জুন ২০২৬, ০১:১২ এএম