
টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কা পেছনে ফেলে এবার বিধ্বংসী রূপে যাত্রা শুরু করল জার্মানি। বিশ্বকাপের নবাগত দল কুরাসাওকে গোল বন্যায় ভাসিয়ে দিয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই দাপুটে জয়ের পথে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে টপকে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের নতুন বিশ্বরেকর্ড গড়েছে জার্মানরা।
রোববার হিউস্টনে অনুষ্ঠিত ‘ই’ গ্রুপের ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে ইউলিয়ান নাগেলসমানের শিষ্যরা। এই জয়ের ফলে বিশ্বকাপে জার্মানির মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে ২৩৯টিতে। এতদিন ২৩৮ গোল নিয়ে তালিকার শীর্ষে থাকা রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল এখন নেমে গেছে দ্বিতীয় স্থানে।
ম্যাচের শুরু থেকেই কুরাসাওয়ের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে রাখে জার্মানি। দলের হয়ে গোল উৎসবে মাতেন ছয়জন ভিন্ন খেলোয়াড়। ফিলিক্স মেচার গোলে জার্মানি এগিয়ে যাওয়ার পর লিভানো কমেনেন্সিয়ার লক্ষ্যভেদে সমতায় ফিরেছিল ফুটবলের সর্বোচ্চ মঞ্চে সবচাইতে ছোট দেশটি। তবে সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি; প্রথমার্ধেই নিকো শ্লটারবেক ও কাই হাভার্টজের গোলে ৩-১ ব্যবধানে লিড নেয় জার্মানি।
বিরতির পর কুরাসাওয়ের ওপর আরও চড়াও হয় নাগেলসম্যানের দল। জামাল মুসিয়ালা, নাথানিয়েল ব্রাউন ও ডেনিস উন্দাভ একে একে জালের দেখা পেলে ব্যবধান দাঁড়ায় ৬-১। ম্যাচের শেষ দিকে কাই হাভার্টজ নিজের দ্বিতীয় গোলটি পূর্ণ করলে ৭-১ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানি।
রেকর্ডগড়া এই দাপুটে জয়ে আসরের শুরুতেই নিজেদের শক্তিমত্তার জানান দিল শিরোপাপ্রত্যাশী জার্মানি।
মন্তব্য করুন
১৪ জুন ২০২৬, ০৯:৪৪ পিএম
১৫ জুন ২০২৬, ০১:১২ এএম