
ইতালির রাজধানী রোমে একটি বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাতে হত্যা করার মর্মান্তিক ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ জুন) রাতে রোমের উপকণ্ঠ ক্যাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনায় আহত হয়েছেন পরিবারের ২০ বছর বয়সী এক তরুণ, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
ইতালীয় সংবাদমাধ্যম ইকোলো দ’ইতালিয়া জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন ৩৯ বছর বয়সী বাবা, ৩৮ বছর বয়সী মা এবং তাদের মাত্র পাঁচ বছর বয়সী কন্যাসন্তান। তদন্তের স্বার্থে কর্তৃপক্ষ এখনো নিহতদের পরিচয় প্রকাশ করেনি।
এই হামলায় দম্পতির ২০ বছর বয়সি বড় ছেলেও ছুরিকাঘাতে আহত হয়েছেন। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, তার আঘাত গুরুতর নয় এবং তিনি বর্তমানে আশঙ্কামুক্ত। এই ঘটনার পর ঘাতককে গ্রেপ্তারের জন্য স্থানীয় পুলিশ জোর অভিযান শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের সময় ওই অ্যাপার্টমেন্ট থেকে চিৎকার ও শোরগোল শুনে প্রতিবেশীরা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিন জনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। ঘটনার রহস্য উদঘাটন এবং আলামত সংগ্রহের জন্য রোম পুলিশের গোয়েন্দা বিভাগ (স্কোয়াড্রা মোবাইল) ও ফরেনসিক দল ইতোমধ্যে কাজ শুরু করেছে।
পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এটি কোনো চুরি বা ডাকাতির ঘটনা নয়। গোয়েন্দাদের অনুমান, হত্যাকারী ভুক্তভোগী এই বাংলাদেশি পরিবারের পূর্বপরিচিত ছিল। ঘটনার পেছনে ব্যক্তিগত কোনো শত্রুতা বা অন্য কোনো কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং সন্দেহভাজনকে শনাক্ত করতে ইতালীয় পুলিশ নিহতদের স্বজন, বন্ধু, পরিচিতজন এবং রোমে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির কয়েকজন সদস্যকে জিজ্ঞাসাবাদ করছে।
তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারে সব ধরনের সম্ভাবনা বিবেচনায় রেখে তদন্ত চালিয়ে যাওয়া হচ্ছে।
মন্তব্য করুন