
যশোর সদরের দেয়াপাড়ার কৃষক প্রহ্লাদ সাহার বাড়িতে সংঘটিত দস্যুতার ঘটনায় চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এসআই আলমগীর হোসেন চার্জশিটটি আদালতে জমা দেন। অভিযুক্তরা হলেন, সদর উপজেলার ঘোপ গ্রামের নওশের লস্কর মনুর ছেলে লিটন লস্কর, ভায়না গ্রামের সুবল চৌধুরীর ছেলে সুজয় কুমার চৌধুরী, শালিয়াট গ্রামের আলতাফ হোসেনের ছেলে ইমলাক হোসেন এবং মৃত সুলতান মণ্ডলের ছেলে সুমন মণ্ডল।
মামলার অভিযোগে জানা যায়, প্রহ্লাদ সাহা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। ২০২৫ সালের ১১ আগস্ট সকালে এক অপরিচিত ব্যক্তি তার বাড়িতে এসে বাকিতে একটি ওল কিনে নিয়ে যান। ওই দিন গভীর রাতে প্রহ্লাদ সাহার স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে তেতুলগোলা খাওয়ানোর পর তিনি কিছুটা সুস্থ হন। এরপর পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে আসামিরা ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ১১ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২ লাখ টাকা, মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় প্রহ্লাদ সাহা বাদী হয়ে ২০২৫ সালের ২৬ আগস্ট কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকালে পুলিশ আসামিদের আটক করে এবং লুণ্ঠিত মালামালের কিছু অংশ উদ্ধার করে। দীর্ঘ তদন্ত শেষে আসামিদের দেওয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তদন্তকারী কর্মকর্তা ওই চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে চার আসামিকেই গ্রেপ্তার দেখানো হয়েছে।
মন্তব্য করুন