
যশোরের শার্শা উপজেলার বসতপুর গ্রামে একটি বেকারি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, এসব পণ্য খেয়ে বিভিন্ন বয়সী মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৯ জুন (সোমবার) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর বড়কলনির মোড়ের পাশে একটি বাসাবাড়ির ভেতরে “রিয়াদ ফুড” নামের একটি বেকারিতে বিস্কুট, রুটি, কেকসহ বিভিন্ন ধরনের বেকারি পণ্য তৈরি করা হচ্ছে।
অভিযোগ রয়েছে, ওই বেকারিতে খাদ্য তৈরিতে ক্ষতিকারক কেমিক্যাল, রং ও নিম্নমানের পাম তেল ব্যবহার করা হচ্ছে। এছাড়া শ্রমিকদের বিশেষ পোশাক ছাড়াই খালি পায়ে কাজ করতে দেখা গেছে। রান্না ও প্রক্রিয়াজাতকরণের জন্য ব্যবহৃত কড়াই ও অন্যান্য উপকরণও নোংরা অবস্থায় ছিল বলে জানা যায়। ডালডা দিয়ে তৈরি ক্রিম খোলা পাত্রে রাখা ছিল, যেখানে মাছি ভনভন করছিল বলেও অভিযোগ পাওয়া গেছে।
এছাড়া উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ ছাড়াই বিভিন্ন বেকারি পণ্য যেমন বনরুটি, পাউরুটি, কেক ও বিস্কুট বাজারজাত করা হচ্ছে—এমন অভিযোগও রয়েছে। প্রশাসনের নজর এড়াতে একটি বাসাবাড়ির ভেতরে গোপনে এসব পণ্য উৎপাদন ও বিক্রয় করা হচ্ছে বলে স্থানীয়রা দাবি করেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ভেজাল কেমিক্যাল ও নিম্নমানের উপাদান দিয়ে তৈরি খাবার নিয়মিত গ্রহণ করলে তা মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।
এ বিষয়ে “রিয়াদ ফুড”-এর মালিক মো. খোকন জানান, তিনি একজন ছোট ব্যবসায়ী এবং সব নিয়মকানুন মানা তার পক্ষে কঠিন। একই সঙ্গে তিনি বড় কারখানাগুলোর অবস্থাও এর চেয়ে ভালো নয় বলে মন্তব্য করেন। এ সময় তিনি সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করেছেন বলেও অভিযোগ ওঠে।
এ বিষয়ে শার্শা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শেফালী খাতুন বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করে, তাহলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন