
পাঁচ দিন আগে মোটরসাইকেল দুর্ঘটনায় জয়ন্ত নামে এক কিশোরের মৃত্যুর শোক কাটতে না কাটতেই ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তীর্থ বিশ্বাস (১৬) নামে আরও এক স্কুলশিক্ষার্থীর।
সোমবার দুপুরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ভাটই সরকারি কলেজের সামনে একটি পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তীর্থ বিশ্বাস শৈলকুপা উপজেলার ভাটই গ্রামের তপন কুমার বিশ্বাসের ছেলে। সে এ বছর ভাটই মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে বাবার কাছে আবদার করে মোটরসাইকেলটি কিনেছিল তীর্থ। সোমবার দুপুরে মোটরসাইকেল নিয়ে ঝিনাইদহ যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর আলী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ জুন শৈলকুপার রঘুনন্দনপুর এলাকায় দ্রুতগতির মোটরসাইকেল দুর্ঘটনায় জয়ন্ত নামে আরেক কিশোরের মৃত্যু হয়েছিল। সপ্তাহ না ঘুরতেই একই উপজেলায় আরেক স্কুলশিক্ষার্থীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন