
সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি কারাগারে অসুস্থ হয়ে পড়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ৬টার দিকে তাকে চিকিৎসার জন্য ঢামেকে স্থানান্তর করা হয়।
এর আগে রোববার (২৮ জুন) রাত দেড়টার দিকে মুন্সীগঞ্জ জেলা কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় পাঠানো হয়।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আরিফুজ্জামান জানান, দীপু মনি দীর্ঘদিন ধরে কিডনি, থাইরয়েড ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক না হলেও উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ বলেন, দীপু মনি আগে থেকেই বিভিন্ন রোগে আক্রান্ত এবং নিয়মিত চিকিৎসা ও চেকআপের প্রয়োজন হয়। রোববার রাতে অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার অবস্থা গুরুতর নয়। ঢামেকে চিকিৎসা শেষে তাকে পুনরায় মুন্সীগঞ্জ কারাগারে ফিরিয়ে আনার কথা রয়েছে।
উল্লেখ্য, চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনি বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী এবং প্রথম নারী শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়ের হওয়া একাধিক মামলায় তিনি বর্তমানে কারাবন্দি রয়েছেন।
মন্তব্য করুন