
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের কুমেদপুর ডিপ বাজার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক দিনমজুরকে মারধর ও তার বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুরে ভুক্তভোগী পরিবার গাইবান্ধা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে ভুক্তভোগী দিনমজুর ফরিদুল ইসলামের স্ত্রী মোছা. খাদিজা বেগম জানান, ২ জুন প্রতিবেশী জ্যাঠাতো শ্বশুর সাদা মিয়ার তিন ছেলে আশাদুল, আশরাফুল ও জিন্নাত আলীর সঙ্গে ডিপ বাজার এলাকায় তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। পরে সাদা মিয়া ও তার পরিবারের লোকজন তার স্বামীকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে।
আহত অবস্থায় ফরিদুল ইসলামকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
খাদিজা বেগম আরও অভিযোগ করেন, স্বামীর চিকিৎসার কাজে তারা ব্যস্ত থাকায় ওই সময় প্রতিপক্ষরা তাদের বাড়িতে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করেন তিনি।
তিনি জানান, এ ঘটনায় পলাশবাড়ী থানায় মামলা করতে গেলে পুলিশ অভিযুক্তদের সঙ্গে যোগসাজশ করে মামলা নেয়নি। পরে গাইবান্ধা জজ কোর্টে মামলা দায়ের করা হয়, যার মামলা নম্বর ২১৪/২৬।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, মামলা দায়েরের পর থেকে অভিযুক্তরা তাদের পরিবারকে হুমকি দিয়ে আসছে। বর্তমানে নিরাপত্তাহীনতায় তারা বাড়িতে থাকতে পারছেন না বলেও জানান।
সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী পরিবারটি পুলিশ ও প্রশাসনের কাছে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মন্তব্য করুন