
জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইনের আওতায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় প্রায় ৩৬ হাজার শিশুকে লাল ও নীল রঙের ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
রোববার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে দৈবজ্ঞহাটী উপ-স্বাস্থ্য কেন্দ্রে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি, স্যানিটারি ইন্সপেক্টর রিয়াজুল ইসলাম সোহাগসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন প্রতিনিধি।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শৈশবকালীন অন্ধত্ব প্রতিরোধ এবং শিশুমৃত্যুর হার কমানোর লক্ষ্যে উপজেলার ৩৮৫টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে এ কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচি বাস্তবায়নে ৭৭০ জন স্বেচ্ছাসেবী, ৪৮ জন ফার্স্ট লাইন সুপারভাইজার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, মেডিকেল অফিসার, স্বাস্থ্য পরিদর্শক, স্যানিটারি ইন্সপেক্টরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা দায়িত্ব পালন করেন।
এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ১ বছর বয়সী ৩ হাজার ৩৮৫ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১ বছর থেকে ৫৯ মাস বয়সী ৩৩ হাজার ৪২০ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, সারাদেশের সঙ্গে সমন্বয় রেখে মোরেলগঞ্জেও সকাল ৮টা থেকে ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইনের কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি ওয়ার্ডের কেন্দ্রে একজন সুপারভাইজার ও একজন স্বাস্থ্য সহকারী সার্বক্ষণিক তদারকির দায়িত্ব পালন করছেন।
মন্তব্য করুন