
ঝিনাইদহের শৈলকূপা উপজেলার একটি বিদ্যালয়ের আঙিনায় “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে শৈলকূপা উপজেলার মন্তেজার রহমান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন ঝিনাইদহ প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার মো. সাদ্দাম হোসেন।
উদ্বোধনের পর বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে বিদ্যালয়ের আঙিনায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
এরপর শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, সহকারী প্রধান শিক্ষক জিএ মিল্টন, সহকারী শিক্ষক রবিউল ইসলাম, শামিমা কাওসার, সঞ্জয় কুমার ও বনিতা পারভীনসহ অন্যান্য শিক্ষকরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
মন্তব্য করুন