
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে যশোরের মণিরামপুর উপজেলা বিএনপির দুই গ্রুপ ঐক্যবদ্ধ হয়ে দলীয়ভাবে একক প্রার্থী দেওয়ার লক্ষ্যে শপথ গ্রহণ কর্মসূচি শুরু করেছে। একই সঙ্গে উপজেলার ১৭টি ইউনিয়নে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং দলকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতারা একযোগে ১৭টি ইউনিয়নে কর্মীসভা আয়োজনের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছেন। এরই মধ্যে প্রায় ১০টি ইউনিয়নে কর্মীসভা সম্পন্ন হয়েছে এবং বাকি ইউনিয়নগুলোতে ধারাবাহিকভাবে সভা অনুষ্ঠিত হচ্ছে।
এসব কর্মীসভায় নেতারা দলীয় ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি আগামী ইউপি নির্বাচনে একাধিক আগ্রহী প্রার্থীর পরিবর্তে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী একক প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছেন।
স্থানীয় নেতাদের ভাষ্য, সদ্যসমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মণিরামপুরে বিএনপির তৃণমূল থেকে উপজেলা ও পৌর পর্যায়ের নেতাদের মধ্যে বিভক্তি আরও প্রকট হয়ে ওঠে। এতে দলের সাংগঠনিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়।
এ পরিস্থিতিতে যশোর জেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা গত ১৪ জুন উভয় পক্ষের নেতাদের নিয়ে একটি বিশেষ যৌথসভা করেন। ওই সভায় সংগঠনকে শক্তিশালী করা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে একাধিক চেয়ারম্যান ও সদস্য (মেম্বার) প্রার্থিতা রোধে সাংগঠনিক কর্মসূচি গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় বিভিন্ন ইউনিয়নে যৌথভাবে কর্মীসভা অনুষ্ঠিত হচ্ছে। এসব সভায় স্থানীয় নেতাকর্মীদের দলকে শক্তিশালী করার পাশাপাশি আগামী ইউপি নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত একক প্রার্থীর পক্ষে কাজ করার শপথ করানো হচ্ছে। একই সঙ্গে সবাইকে ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হচ্ছে।
এ বিষয়ে মণিরামপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আদুজ্জামান মিন্টু বলেন, দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করা এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে একাধিক প্রার্থিতা রোধ করে একক প্রার্থী নিশ্চিত করতেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন