
রাজধানীর কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিচে এবং আশপাশের এলাকায় অবৈধ স্থাপনা ও দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও মেট্রোরেল কর্তৃপক্ষ। অভিযানে স্টেশন সংলগ্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয় এবং জনসাধারণের চলাচলের পথ দখলমুক্ত করা হয়।
রোববার (১৪ জুন) দুপুর ১২টার দিকে পরিচালিত এই অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং আনসার সদস্যরা।
অভিযান চলাকালে মেট্রো স্টেশনের নিচে রাখা বিভিন্ন ভ্যানগাড়ি ডিএনসিসির এক্সকাভেটরের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়। পরে সেগুলো সিটি করপোরেশনের নিজস্ব ট্রাকে করে অন্যত্র স্থানান্তর করা হয়। এ সময় অনেক ভ্যানচালক নিজেদের যানবাহন রক্ষার জন্য দ্রুত ভ্যান সরিয়ে এলাকা ত্যাগ করেন।
ডিএনসিসি জানিয়েছে, রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলো দখলমুক্ত রাখা, নগরবাসীর দুর্ভোগ কমানো এবং শহরের সৌন্দর্য বৃদ্ধি করার লক্ষ্যে এ ধরনের উচ্ছেদ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। কর্তৃপক্ষের মতে, মেট্রোরেল স্টেশন ও আশপাশের এলাকাকে শৃঙ্খলাবদ্ধ রাখতে ভবিষ্যতেও অবৈধ দখল ও স্থাপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।
মন্তব্য করুন