
দেশের অন্যতম বৃহৎ ভ্রমণভিত্তিক অনলাইন কমিউনিটি 'ট্রিপ এশিয়া এক্সপার্টস' (Trip Asia Experts)-এর উদ্যোগে বহুল প্রতীক্ষিত 'গ্র্যান্ড' মিটআপ ২০২৬' অনুষ্ঠিত হয়েছে ।
১৩ জুন রাজধানীর মিরপুর-১২ এর বাফেট লাউঞ্জে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় ১৩০ জন ভ্রমণপ্রেমী অংশগ্রহণ করেন।
ভ্রমণকে ঘিরে অভিজ্ঞতা বিনিময়, নতুন গন্তব্য সম্পর্কে আলোচনা, ভ্রমণ-সংক্রান্ত বিভিন্ন তথ্য শেয়ারিং এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজন পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬১টি দেশ ভ্রমণকারী ও ‘পাসপোর্ট গার্ল’ খ্যাত কাজি আসমা আজমেরি। তিনি তার দীর্ঘ ভ্রমণ অভিজ্ঞতা, বিভিন্ন দেশের সংস্কৃতি ও ভ্রমণ-সংক্রান্ত বাস্তব অভিজ্ঞতা উপস্থিত অতিথিদের সঙ্গে ভাগাভাগি করেন। তার বক্তব্য অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও অনুপ্রেরণা জোগায়।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট পাইলট ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক এবং শাহ মো. আব্দুল খালেক। তারা ভ্রমণ, পর্যটন শিল্পের সম্ভাবনা এবং নিরাপদ ভ্রমণের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
ট্রিপ এশিয়া এক্সপার্টস-এর অ্যাডমিন প্যানেলের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ট্রাভেল এজেন্সি ও ভ্রমণসংশ্লিষ্ট প্রতিষ্ঠান পৃষ্ঠপোষক হিসেবে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের জন্য ছিল আকর্ষণীয় র্যাফেল ড্র, উপহার সামগ্রী, বিশেষ পুরস্কার এবং নানা আয়োজন, যা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।
আয়োজকরা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক একটি ট্রাভেল গ্রুপ হিসেবে ট্রিপ এশিয়া এক্সপার্টস শুধু ভ্রমণের তথ্য আদান-প্রদানের প্ল্যাটফর্ম নয়; বরং এটি ভ্রমণপ্রেমীদের একটি পরিবারে পরিণত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে একই ছাদের নিচে এনে ভ্রমণকে কেন্দ্র করে বন্ধুত্ব, সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
দিনব্যাপী প্রাণবন্ত আলোচনা, স্মৃতিচারণ, ফটোসেশন এবং আনন্দঘন মুহূর্তে ভরপুর এই মিলনমেলা অংশগ্রহণকারীদের কাছে হয়ে ওঠে স্মরণীয় এক অভিজ্ঞতা। অনুষ্ঠানের শেষে ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত ভ্রমণপ্রেমীরা।
মন্তব্য করুন