
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১১ জনকে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির দ্রুত ও কঠোর তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়ে যায়।
রোববার (১৪ জুন) ভোর আনুমানিক ৫টার দিকে দর্শনা-গেদে সীমান্তের ৭৬-৭৭ নম্বর প্রধান সীমান্ত পিলারের কাছাকাছি এলাকায় এই ঘটনা ঘটে। ওই সময় ১১ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়, যাদের মধ্যে ছিলেন আটজন পুরুষ ও তিনজন নারী।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। পরে তাদেরকে সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছাকাছি নিরাপদ অবস্থানে সরিয়ে রাখা হয়।
পরবর্তীতে ওই ব্যক্তিদের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশ ইনসহ অপতৎপরতা প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার আওতাধীন প্রায় ১১৩ কিলোমিটার সীমান্ত এলাকায় বিজিবি সার্বক্ষণিকভাবে কঠোর নজরদারি বজায় রাখছে।
মন্তব্য করুন