
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদার করার লক্ষ্যে চালু হওয়া ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৭ জুন) দুপুরে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনের মাধ্যমে সুবিধাবঞ্চিত ও ভাতাভোগী পরিবারের কাছে সরকারি সহায়তা আরও সহজ ও দ্রুত পৌঁছে দেওয়ার নতুন উদ্যোগের সূচনা হলো।
অনুষ্ঠানে প্রতীকীভাবে ১৫৫ জন ভাতাভোগীর মোবাইল ফোনে জুন মাসের ভাতার অর্থ পাঠানো হয়। একই সঙ্গে কয়েকটি দুস্থ ও অসহায় পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন প্রধানমন্ত্রী। পরবর্তীতে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সুবিধাভোগীদের মোবাইল অ্যাকাউন্টে ভাতার অর্থ স্থানান্তর করা হয়, যা ডিজিটাল পদ্ধতিতে সরকারি সহায়তা বিতরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
এর আগে সকাল সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রী সিলেটে পৌঁছান। সেখান থেকে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এসে অনুষ্ঠানে অংশ নেন।
সফরসূচি অনুযায়ী, কর্মসূচি শেষে তিনি শ্রীমঙ্গলের দুসাই রিসোর্টে সংক্ষিপ্ত বিশ্রাম নেবেন। পরে একটি রাজনৈতিক সভায় অংশগ্রহণের কথা রয়েছে তার। সভা শেষে সন্ধ্যায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে মৌলভীবাজার জেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পাশাপাশি সফর ঘিরে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
মন্তব্য করুন