
সুনামগঞ্জে অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। এ সময় তার কাছ থেকে জুয়া পরিচালনার কাজে ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯-এর সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল জেলা শহরের সাহেববাড়ি ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেফতার ব্যক্তি হলেন দোয়ারাবাজার উপজেলার হাজারীগাঁও গ্রামের আলাউদ্দিনের ছেলে মো. সাদিক হাসান (২২)।
র্যাব সূত্রে জানা যায়, শহরের ৪ নম্বর ওয়ার্ডের আমবাড়ী সিএনজি স্ট্যান্ড এলাকায় কয়েকজন ব্যক্তি অনলাইনে জুয়া খেলছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে একজন পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদিক হাসান অনলাইনে জুয়া খেলার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তার কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোনে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ ও সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত পাওয়া যায়।
র্যাব জানায়, তিনি বিভিন্ন অনলাইন গেমিং ও জুয়ার প্ল্যাটফর্মের মাধ্যমে অধিক লাভের প্রলোভন দেখিয়ে লোকজনকে যুক্ত করতেন এবং এর বিনিময়ে কমিশন পেতেন।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯-এর দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম শহীদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে এবং জব্দকৃত আলামত সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন