
যশোরের কেশবপুরে রাস্তার নির্মাণকাজ চলাকালে কথা কাটাকাটিকে কেন্দ্র করে সংঘর্ষে তিন শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কেশবপুর পাইলট স্কুল সংলগ্ন পাজুয়া রোড এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—মতিয়ার রহমান (৪৮), সোহান (১৮) ও কাজী বিল্লাল (৪৫)। মতিয়ার রহমান ও সোহান কাশিপুর এলাকার বাসিন্দা। কাজী বিল্লাল যশোরের মণিরামপুর উপজেলার তাহেরপুর গ্রামের বাসিন্দা।
অভিযোগে জানা গেছে, রাস্তার কাজ চলাকালে স্থানীয় সাবেক কাউন্সিলর হালিম, আজিজ, জাহিদ ও শিমুলসহ কয়েকজনের সঙ্গে শ্রমিকদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে অভিযুক্তরা হাতুড়ি ও লোহার রড দিয়ে হামলা চালিয়ে তিনজনকে আহত করেন বলে অভিযোগ রয়েছে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে তারা সেখানে ভর্তি হন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের চিকিৎসা চলছে এবং বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছেন।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
মন্তব্য করুন