
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিয়ে নিজের ঘনিষ্ঠ উপদেষ্টাদের কাছে একাধিক কড়া মন্তব্য করেছেন বলে দাবি করেছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ব্যক্তিগত আলোচনায় মন্তব্য করেন যে নেতানিয়াহুকে “নিয়ন্ত্রণ করা বা সামলানো কারও পক্ষেই সহজ নয়” এবং তিনি মূলত সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে বা পৃথিবী ধ্বংস করতে চান বলে নিজের ব্যক্তিগত উপদেষ্টাদের কাছে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে একই সঙ্গে ট্রাম্প সংবাদমাধ্যমটিকে জানান, ব্যক্তি হিসেবে তিনি নেতানিয়াহুকে “চমৎকার” মনে করেন। তার মতে, ইসরায়েলি প্রধানমন্ত্রী অনেক সময় আবেগের বশে সিদ্ধান্ত গ্রহণে অনেক দূর এগিয়ে যান।
মার্কিন প্রশাসনের এক উচ্চপদস্থ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে ফোনালাপগুলো বেশিরভাগ সময় নতুন সামরিক অভিযান ও নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে ঘুরে দাঁড়াত।
ওই কর্মকর্তা জানান, ইসরায়েলি প্রধানমন্ত্রী প্রায়ই যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার পক্ষে যুক্তি দিতেন। সময়ের সঙ্গে সঙ্গে একই ধরনের আলোচনায় ট্রাম্প কিছুটা ক্লান্ত হয়ে পড়েন বলেও উল্লেখ করা হয়েছে।
তিনি আরও বলেন, হোয়াইট হাউসের ভেতরের আলোচনায় “বিবি” নামে পরিচিত নেতানিয়াহু প্রায়ই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বোঝানোর চেষ্টা করতেন কেন নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা করা প্রয়োজন এবং কোন সময় তা সবচেয়ে কার্যকর হবে।
প্রতিবেদন অনুযায়ী, দুই নেতার ফোনালাপগুলো প্রায়ই একই ধাঁচের ছিল। আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে থাকত ইসরায়েলের সামরিক কৌশল, গোয়েন্দা তথ্য এবং সম্ভাব্য অভিযান পরিকল্পনা।
হোয়াইট হাউসের ওই কর্মকর্তা আরও দাবি করেন, এসব আলোচনায় ইসরায়েলের আগ্রাসী নিরাপত্তা অবস্থান বারবার উঠে আসত, যা যুক্তরাষ্ট্র-ইসরায়েল কূটনৈতিক আলোচনার একটি নিয়মিত বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উঠে এসেছে, ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে ঘনিষ্ঠ কিন্তু জটিল কূটনৈতিক সম্পর্ক রয়েছে, যেখানে সামরিক কৌশল ও আঞ্চলিক নিরাপত্তা বিষয়গুলো বারবার আলোচনায় আসে।
সূত্র: মিডল ইস্ট আই
মন্তব্য করুন