শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

বদলির ৮ দিন পরও বোদায় যোগ দেননি এসিল্যান্ড, তদবিরের অভিযোগ

মো. তানভীর রহমান, গাইবান্ধা
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০৯:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আলোচিত সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিনকে পঞ্চগড়ের বোদা উপজেলায় বদলির আদেশ জারির আট দিন পেরিয়ে গেলেও তিনি এখনো নতুন কর্মস্থলে যোগদান করেননি। বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য প্রয়োজনীয় ছাড়পত্র (রিলিজ)ও তিনি গ্রহণ করেননি। এদিকে, বদলি ঠেকাতে বিভিন্ন মহলে তদবির ও লবিং চালিয়ে সাদুল্লাপুরে আরও কিছুদিন বহাল থাকার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় একাধিক সূত্রের দাবি, বদলি বাতিল বা স্থগিতের জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করার পাশাপাশি বিভিন্ন মাধ্যমে তৎপরতা চালাচ্ছেন। অভিযোগ রয়েছে, স্থানীয় কয়েকজন রাজনৈতিক ব্যক্তির মাধ্যমেও তদবির করা হচ্ছে। এর আগে গত ২০ এপ্রিল তাকে কাউনিয়া উপজেলায় বদলি করা হলেও তিনি সেখানে যোগ দেননি। পরে ২৪ মার্চ সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেলেও সাদুল্লাপুর ছাড়েননি। একের পর এক বদলির আদেশ বাস্তবায়িত না হওয়ায় প্রশাসনিক মহল ও উপজেলা জুড়ে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

সর্বশেষ গত ২৪ জুন রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার উত্তম কুমার দাশ স্বাক্ষরিত এক অফিস আদেশে ৩৮তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা মো. জসিম উদ্দিনকে পঞ্চগড়ের বোদা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করা হয়। আদেশে জনস্বার্থে বদলিটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়।

এর আগে ১৮ জুন সরকারের অর্পিত সম্পত্তি-সংক্রান্ত তথ্য সংগ্রহের সময় যমুনা টেলিভিশনের সাংবাদিক জিল্লুর রহমান পলাশ ও সময় টেলিভিশনের সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবুর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে তিনি সমালোচনার মুখে পড়েন। পরে বিভাগীয় তদন্তের প্রেক্ষাপটে তাকে বোদায় বদলি করা হয়।

অভিযোগ রয়েছে, বদলির এক সপ্তাহেরও বেশি সময় পার হলেও বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় থেকে তিনি অবমুক্ত (রিলিজ) হননি। সংশ্লিষ্ট সূত্রের দাবি, বোদায় যোগ দিতে তিনি অনাগ্রহী এবং বদলি স্থগিতের জন্য এখনো বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সাংবাদিকদের সঙ্গে ঘটনার পর থেকে তিনি অনিয়মিতভাবে সাদুল্লাপুর ভূমি অফিসে উপস্থিত হচ্ছেন। গত ২১ জুন বিভাগীয় তদন্তে অংশ নেওয়ার পরদিন ধাপেরহাটের হাসানপাড়া মৌজায় সরকারের অর্পিত সম্পত্তির সীমানা নির্ধারণের কাজে অংশ নেন। এরপর কয়েকদিন অফিসে অনুপস্থিত থেকে মঙ্গলবার ও বুধবার অল্প সময়ের জন্য দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন।

বৃহস্পতিবার বিকেলে সাদুল্লাপুর ভূমি অফিসে গিয়ে তাকে পাওয়া যায়নি। ফলে কর্মস্থল ত্যাগ ও নতুন কর্মস্থলে যোগদান না করার বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। অফিসের কর্মচারীরা জানান, দুপুরের পর তিনি অফিসে হাজিরা দিয়ে চলে যান। এর আগে তিনি এসএসসি পরীক্ষার নলডাঙ্গা কেন্দ্রে দায়িত্ব পালন করেন। তবে কর্মস্থল ত্যাগ বা যোগদানের বিষয়ে কোনো কর্মকর্তা আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি।

এদিকে, বদলির আদেশ কার্যকর না হওয়া এবং তদবিরের অভিযোগকে কেন্দ্র করে প্রশাসনিক মহলসহ বিভিন্ন পর্যায়ে সমালোচনা দেখা দিয়েছে। অনেকের মতে, অভিযোগগুলো সত্য হলে তা সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ও প্রশাসনিক শৃঙ্খলার পরিপন্থী হতে পারে।

জসিম উদ্দীনের বদলি ও ছাড়পত্রের বিষয়ে জানতে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে জেলা প্রশাসক কার্যালয়ের একটি সূত্র দাবি করেছে, বোদায় যোগ দিতে অনাগ্রহী হওয়ায় তিনি এখনো রিলিজ নেননি। একই সঙ্গে বদলি স্থগিত করে অন্য কোনো মন্ত্রণালয়ে পদায়নের চেষ্টাও করছেন বলে ওই সূত্রের দাবি।

রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, "বদলির আদেশ হওয়ার পরও তিনি কেন যোগদান করেননি, বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। সাংবাদিক হেনস্থা ও অর্পিত সম্পত্তি-সংক্রান্ত তদন্ত প্রতিবেদন জমা পড়েছে। পাশাপাশি নতুন অভিযোগগুলোরও যাচাই-বাছাই চলছে।"

ভূমি মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় গোপন রাখার শর্তে বলেন, "বদলির আদেশ অমান্য করে নতুন কর্মস্থলে যোগদান না করা এবং তদবিরের আশ্রয় নেওয়া সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালার পরিপন্থী। অভিযোগের সত্যতা মিললে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।"

তিনি আরও জানান, গত ৪ জুন ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বদলি বা কর্মস্থল পরিবর্তনের ক্ষেত্রে কোনো ধরনের তদবির না করার নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও সেখানে উল্লেখ রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৩ অক্টোবর মো. জসিম উদ্দিন সাদুল্লাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। দায়িত্ব পালনকালে খাস জমি, নামজারি, ভূমি প্রশাসন এবং সেবাপ্রত্যাশীদের সঙ্গে আচরণ নিয়ে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। সাম্প্রতিক সাংবাদিক হেনস্থার ঘটনার পর এসব অভিযোগ আবারও আলোচনায় আসে।

স্থানীয়দের অভিযোগ, সাদুল্লাপুর ও জামুডাঙ্গা মৌজার সরকারি খাস জমি উদ্ধার, সীমানা নির্ধারণ, নামজারি ও ভূমি ব্যবস্থাপনায় নানা অনিয়ম এবং সেবাপ্রত্যাশীদের হয়রানির ঘটনা ঘটেছে। এছাড়া সরকারি খাস জমি ও মূল্যবান মেহগনি গাছ রক্ষায় অবহেলার অভিযোগ তদন্তে গত ২৬ জুন গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় থেকে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

পদোন্নতি ও একাধিক বদলির পরও একই কর্মস্থলে বহাল থাকা এবং সর্বশেষ বদলির আদেশ বাস্তবায়িত না হওয়ায় প্রশাসনিক মহল ও জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের একটি অংশের অভিযোগ, কিছু রাজনৈতিক ব্যক্তি ও সাংবাদিক পরিচয়ধারী ব্যক্তিদের নিয়ে তিনি একটি প্রভাববলয় গড়ে তুলছেন, যা ভূমি প্রশাসনের নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে। তাদের দাবি, দ্রুত বদলির আদেশ কার্যকর করে তাকে নতুন কর্মস্থলে যোগদান করানো না হলে মানববন্ধনসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব: প্রাণহানি ৪৩৮ ছাড়াল

অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বদলির ৮ দিন পরও বোদায় যোগ দেননি এসিল্যান্ড, তদবিরের অভিযোগ

খামেনিকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন

বিএনপি জুলাই সনদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল

যশোরে র‌্যাবের অভিযানে দুই তক্ষক উদ্ধার, যুবক আটক

সাগরদাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত, মধুমঞ্চে চলছে পাঠদান

মহেশপুরে বিশেষ অঙ্গ কর্তনের ঘটনায় যুবক হাসপাতালে, তদন্তে প্রশাসন

নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ

অভয়নগরে দুধ বিক্রেতার ওপর দুর্বৃত্তদের হামলা, কুপিয়ে জখম

ফিদে র‍্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত, অংশ নিলেন ৯২ দাবাড়ু

মাছখোলা বাজারে বসার স্থান নির্মাণে মাসুদ-সোহাগের উদ্যোগ

শৈলকুপায় ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল আসিফের

ডুমুরিয়ায় ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্কুল শিক্ষক গ্রেপ্তার

জুনে রেকর্ড রেমিট্যান্সের প্রভাবে বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের

ইরানে বাঘের গালিবাফের সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিনের বৈঠক

আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: / নকআউটে মেসির অভিজ্ঞতাই কি গড়বে ম্যাচের ভাগ্য?

রাজশাহীর আরডিএ মার্কেটে ‘বোমা’ আতঙ্ক, শেষে মিলল মোটরসাইকেলে ব্যবহৃত মিউজিক ডিভাইস

অক্টোবরে শুরু হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন

X