শনিবার
০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব: প্রাণহানি ৪৩৮ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ১০:৩৫ পিএম
ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব: প্রাণহানি ৪৩৮ ছাড়াল

আফ্রিকার মধ্যাঞ্চলীয় দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো)-তে ইবোলা ভাইরাসের ভয়াবহ প্রাদুর্ভাবে এখন পর্যন্ত অন্তত ৪৩৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত ১৫ মে ইবোলার প্রাদুর্ভাব ঘোষণা করার পর থেকে মোট ১,৪০৬ জন আক্রান্ত হয়েছেন।

দেশটির জাতীয় জনস্বাস্থ্য ইনস্টিটিউট (আইএনএসপি) জানিয়েছে, বর্তমানে এই প্রাদুর্ভাবে মৃত্যুহার ৩১ শতাংশেরও বেশি। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, আক্রান্তের প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়েও বেশি হতে পারে।

স্বাস্থ্য কর্তৃপক্ষের উদ্বেগ আরও বাড়িয়েছে উত্তর-পূর্বাঞ্চলের প্রধান শহর কিসাঙ্গানিতে প্রথম ইবোলা রোগী শনাক্ত হওয়ার ঘটনা। প্রাদুর্ভাবের মূল কেন্দ্র থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে অবস্থিত এই শহরে ২৪ বছর বয়সী এক গর্ভবতী নারীর মৃত্যুর পর তার নমুনা পরীক্ষায় ইবোলা শনাক্ত হয়।

তদন্তে জানা গেছে, ওই নারীর মরদেহ ইতুরি প্রদেশের নিয়া নিয়া স্বাস্থ্য অঞ্চল থেকে মোটরসাইকেলে করে গোপনে কিসাঙ্গানিতে নিয়ে আসা হয়েছিল। প্রায় ১৫ লাখ মানুষের এই শহরে ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ইবোলায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির শরীর অত্যন্ত সংক্রামক থাকে এবং অনেক ক্ষেত্রেই দাফন বা অন্ত্যেষ্টিক্রিয়ার সময় এই ভাইরাস ছড়িয়ে পড়ার নজির রয়েছে। ইবোলার বুন্দিবুগিও ধরনের কারণে এই প্রাদুর্ভাবের সৃষ্টি হয়েছে। ইবোলার অত্যন্ত সংক্রামক এই ধরনের কোনও টিকা কিংবা সুনির্দিষ্ট চিকিৎসা নেই।

তবে এ বিষয়ে কিছু প্রতিষেধকের ক্লিনিক্যাল ট্রায়াল শিগগিরই শুরু হওয়ার কথা রয়েছে। দেশটিতে চলমান প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল ছিল উত্তর-পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে। দেশটিতে ইবোলায় মোট মৃত্যুর ৮৩ শতাংশেরও বেশি ঘটনা ঘটেছে এই প্রদেশে। তবে ইবোলার প্রকৃত ব্যাপকতা নিরূপণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

কঙ্গোর এই প্রদেশটির সঙ্গে উগান্ডা ও দক্ষিণ সুদানের সীমান্ত রয়েছে। ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ইতোমধ্যে পার্শ্ববর্তী উত্তর কিভু এবং দক্ষিণ কিভু প্রদেশেও ছড়িয়ে পড়েছে।

ইবোলা ভাইরাসের বৈজ্ঞানিক নাম ‘অর্থোইবোলাভাইরাস জাইরেন্স’। এ পর্যন্ত ইবোলার ছয়টি ধরন বা প্রজাতি শনাক্ত হয়েছে। সেগুলো হলো—জাইর, সুদান, বুন্দিবুগিও, রেস্টন, তাই ফরেস্ট ও বোম্বালি। ২০১৪ সাল থেকে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটিয়েছে ‘জাইর’ প্রজাতিটি। তবে কঙ্গো এবং উগান্ডায় প্রাদুর্ভাবের জন্য ইবোলার যে ভাইরাসটিকে দায়ী করা হচ্ছে, সেটি বুন্দিবুগিও প্রজাতি।

ইবোলার প্রধান শিকার মানুষ এবং প্রাইমেট গোত্রীয় বিভিন্ন প্রাণী যেমন শিম্পাঞ্জি, গরিলা, ওরাংওটাং প্রভৃতি। এটি বাহুবাহিত কোনও রোগ নয়। আক্রান্ত ব্যক্তি বা প্রাণীর রক্ত, লালা, ঘাম, বমি, মল-মূত্র বা অন্যান্য শারীরিক তরলের সাথে সরাসরি সংস্পর্শে এলে এই ভাইরাস ছড়ায়। আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত সুঁই বা কাপড় থেকেও এটি সংক্রমিত হতে পারে। আক্রান্ত ব্যক্তির প্রত্যক্ষ ও ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমে, এমনকি অন্ত্যেষ্টিক্রিয়ার আচার-অনুষ্ঠানের সময় মৃতদেহের সরাসরি সংস্পর্শ থেকেও ছড়াতে পারে ভাইরাসটি।

ফলখেকো বাদুড়কে ইবোলার প্রাকৃতিক বাহক হিসেবে বিবেচনা করা হয়। তবে এই বাদুড় নিজে ইবোলায় আক্রান্ত হয় না; শুধু ভাইরাসটি বহন করে। এছাড়া বনমানুষ, হরিণ ও সজারু এই ভাইরাস বহন করে এবং মানুষের শরীরে ছড়িয়ে দিতে পারে।

ইবোলার উপসর্গগুলো হলো—হঠাৎ তীব্র জ্বর এবং তার সঙ্গে প্রচণ্ড শারীরিক দুর্বলতা-ক্লান্তি, মাথাব্যথা, গলাব্যথা, মাংসপেশিতে ব্যথা, ডায়রিয়া ও বমি, শরীরের বিভিন্ন অংশে ফুসকুড়ি, লিভার ও কিডনির কার্যকারিতা হ্রাস পাওয়া, এবং শেষ পর্যায়ে নাক, মুখ কিংবা মলদ্বার দিয়ে তীব্র অভ্যন্তরীণ ও বাহ্যিক রক্তক্ষরণ। সাধারণত ভাইরাস সংক্রমণের দ্বিতীয় দিন থেকেই এসব উপসর্গ দেখা দেওয়া শুরু করে।

বাতাসের মাধ্যমে ছড়ায় না বলে অন্যান্য ভাইরাসজনিত রোগের তুলনায় কম সংক্রামক ইবোলা। তবে এই রোগে আক্রান্তদের মৃত্যুহার অত্যন্ত বেশি। ইবোলার চূড়ান্ত পর্যায়ে নাক-মুখ ও মলদ্বার দিয়ে অব্যাহত রক্তপাতের জেরে মৃত্যু হয় রোগীর। এজন্য ইবোলাকে ‘হেমারোজিক ফিভার’ বা রক্তক্ষরণ জ্বরও বলা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ইবোলায় গড় মৃত্যুহার প্রায় ৫০ শতাংশ। তবে কঙ্গোতে সাম্প্রতিক প্রাদুর্ভাবে এই হার ৪০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত পৌঁছেছে।

গত পাঁচ দশকে আফ্রিকার বিভিন্ন দেশে ইবোলা ভাইরাসে ১৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে কিসাঙ্গানিতে রোগী শনাক্ত হওয়ায় স্বাস্থ্য কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণে পদক্ষেপ জোরদার করেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব: প্রাণহানি ৪৩৮ ছাড়াল

অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বদলির ৮ দিন পরও বোদায় যোগ দেননি এসিল্যান্ড, তদবিরের অভিযোগ

খামেনিকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন

বিএনপি জুলাই সনদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল

যশোরে র‌্যাবের অভিযানে দুই তক্ষক উদ্ধার, যুবক আটক

সাগরদাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত, মধুমঞ্চে চলছে পাঠদান

মহেশপুরে বিশেষ অঙ্গ কর্তনের ঘটনায় যুবক হাসপাতালে, তদন্তে প্রশাসন

নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ

অভয়নগরে দুধ বিক্রেতার ওপর দুর্বৃত্তদের হামলা, কুপিয়ে জখম

ফিদে র‍্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত, অংশ নিলেন ৯২ দাবাড়ু

মাছখোলা বাজারে বসার স্থান নির্মাণে মাসুদ-সোহাগের উদ্যোগ

শৈলকুপায় ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল আসিফের

ডুমুরিয়ায় ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্কুল শিক্ষক গ্রেপ্তার

জুনে রেকর্ড রেমিট্যান্সের প্রভাবে বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের

ইরানে বাঘের গালিবাফের সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিনের বৈঠক

আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: / নকআউটে মেসির অভিজ্ঞতাই কি গড়বে ম্যাচের ভাগ্য?

রাজশাহীর আরডিএ মার্কেটে ‘বোমা’ আতঙ্ক, শেষে মিলল মোটরসাইকেলে ব্যবহৃত মিউজিক ডিভাইস

অক্টোবরে শুরু হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন

X