বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

চার দশকের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতে দিশেহারা চট্টগ্রামের মানুষ

মুহাম্মদ দিদারুল আলম, চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০২:২৫ পিএম
চার দশকের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতে দিশেহারা চট্টগ্রামের মানুষ

স্মরণকালের সর্বোচ্চ বৃষ্টি দেখল বন্দরনগরী চট্টগ্রাম। একদিনের ব্যবধানে বৃষ্টি কিছুটা কমলেও মানুষের দুর্ভোগ, কষ্ট, ভোগান্তি বেড়েছে। নগরীর চকবাজার, কাতালগঞ্জ, আগ্রাবাদ, হালিশহর, চান্দগাঁও, মোহরা, কুয়াইশ, অক্সিজেনসহ নিচু এলাকার সড়ক, অলিগলি, ভবনের নিচতলা ও দোকানপাটে পানি উঠেছে। পানি উঠেছে স্কুল, কলেজ, মাদরাসা, হাসপাতালসহ বিভিন্ন স্থাপনার নিচতলায়ও। অনেক পরিবারের চুলা ডুবে গেছে।

নগরীর বাইরে হাটহাজারী, রাউজান, সাতকানিয়া, হাটহাজারী, সীতাকুণ্ড, রাঙ্গুনিয়া, বোয়ালখালীসহ প্রায় সব উপজেলায় বন্যা দেখা দিয়েছে। সন্দ্বীপ যাওয়া-আসা একপ্রকার বন্ধ রয়েছে।

কোথাও কোথাও মহাসড়ক এমনকি চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনও ডুবে গেছে। ষোলশহরে আটকে পড়া কক্সবাজারগামী ট্রেনটির যাত্রা বাতিল করা হয়েছে।

এদিকে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চট্টগ্রাম ও রাঙামাটি জেলার বুধবার (৮ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। স্থগিত হওয়া এলাকার পরীক্ষার্থীদের পরীক্ষা পরে আলাদা প্রশ্নপত্রে নেওয়া হবে। পরীক্ষা স্থগিতের আদেশে বলা হয়, অন্যান্য শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম বোর্ডের আওতাধীন কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে মঙ্গলবার নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়। সিটি করপোরেশনের অধীনে ৪৮টি মাধ্যমিক বিদ্যালয়ে অর্ধবার্ষিক পরীক্ষা ছিল। সেই পরীক্ষা স্থগিত করা হয় বলে জানিয়েছেন সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা কিসিঞ্জার চাকমা।

পতেঙ্গা আবহাওয়া অফিস বুধবার (৮ জুলাই) সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৩৭ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। আগের দিন মঙ্গলবার বৃষ্টির পরিমাণ ছিল সকাল ৬টায় ২৮২ দশমিক ৮, ৯টায় ৩৩০ দশমিক ৮, ১২টায় ৩৮৬ দশমিক ৮, বিকেল ৩টায় ৪১২ দশমিক ৩, সন্ধ্যা ৬টায় ৩৯৪ দশমিক ৩, রাত ৯টায় ৩৬৪ দশমিক ৫ মিলিমিটার। এরমধ্যে ৪১২ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টি ৪২ বছরের মধ্যে রেকর্ড।

এর আগে ২০০৭ সালের ১১ জুন ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছিল ৪০৮ মিলিমিটার। সেদিন অতি ভারী বৃষ্টি, জলাবদ্ধতা, পাহাড়ধস ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রামে মারা গিয়েছিলেন ১২৭ জন। সে তুলনায় এবারের দুর্যোগে মারা গেছেন ১ জন। তারও আগে ১৯৮৩ সালের ৪ আগস্ট ৫১১ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড ছিল। এটা ধরলে চার দশকের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে মঙ্গলবার (৭ জুলাই)।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ বিশ্বজিৎ চৌধুরী জানান, সমুদ্র বন্দরে ৩ নম্বর সংকেত, জলাবদ্ধতা ও ভূমিধসের সতর্কতা বহাল আছে।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামায় ছেদ পড়ে। ফ্লাইট স্বাভাবিকের চেয়ে ৩০ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত বিলম্ব হচ্ছে। মধ্যপ্রাচ্য থেকে আসা দুটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করতে না পেরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হয়। এ ছাড়া ঢাকা থেকে আসা অভ্যন্তরীণ একটি ফ্লাইটও অবতরণ করতে না পেরে ঢাকায় ফিরে যায়। বিমানবন্দর এলাকায় ৮০ থেকে ৯০ কিলোমিটার গতিতে বাতাস বইছিল।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল জানান, সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট আবুধাবি থেকে চট্টগ্রামে নামার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে সেটি ঢাকায় অবতরণ করে। একইভাবে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট শারজাহ থেকে চট্টগ্রামে নামার কথা থাকলেও সেটিও ঢাকায় অবতরণ করে। এ ছাড়া ঢাকা থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রামে নামতে না পেরে ঢাকা ফিরে যায়।

পাহাড়ধসে ক্ষয়ক্ষতি কমাতে সিটি করপোরেশন ও জেলা প্রশাসন কাজ করছে। আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। মেয়র ১০১ সদস্যের কুইক রেসপন্স টিম গঠন করেছেন। যেখানে পানি আটকে যাচ্ছে, সেখানে চসিক ও সিডিএ’র লোকজন ছুটে যাচ্ছেন।

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে (আউটার অ্যাঙ্করেজ) থাকা বড় ৪৩টি জাহাজ থেকে পণ্য খালাস সাময়িকভাবে স্থগিত রাখা হয়। তবে জেটিতে কার্যক্রম স্বাভাবিক রয়েছে। জেটি থেকে পণ্য নিয়ে আসা-যাওয়া করছে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি। স্বাভাবিক আছে কাস্টমসের শুল্কায়ন প্রক্রিয়াও।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব রেফায়েত হামিম বলেন, সাগর উত্তাল থাকায় বহির্নোঙরে পণ্য খালাস কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে খালাস কার্যক্রম আবার শুরু করা হবে। তিনি জানান, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি রয়েছে। এ জন্য ৪৩টি জাহাজ থেকে পণ্য খালাস কাজ স্থগিত আছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বর্ণের দামে অস্থিরতা

চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় এনসিপি নেতার মৃত্যু

লঘুচাপের প্রভাবে ৬ বিভাগে ভারী বৃষ্টির আভাস

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করলো ইরান

৮৫ মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলা

ভারতে ভূমিধস: নিহত ১৮, নিখোঁজ একাধিক

গদি বাঁচাতে রাতারাতি ধর্ষককে এনকাউন্টারে দিলেন শুভেন্দু!

চার দশকের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতে দিশেহারা চট্টগ্রামের মানুষ

কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি হচ্ছে?

সেন্টমার্টিনে জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

অপু বিশ্বাসের বিয়ে নিয়ে মুখ খুললেন গৌতম সাহা

খামেনির মরদেহ ইরাকের নাজাফে পৌঁছেছে

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়ায় নিয়োগকর্তাকে জরিমানা

প্রতিপক্ষের নেতিবাচক ফুটবলে ইংল্যান্ড লাভবান

ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন লিওনেল মেসি

ইরানে মার্কিন বিমান হামলা, তেহরানের কঠোর হুঁশিয়ারি

কক্সবাজারে বন্যা ও পাহাড়ধস : ৩৩ ইউনিয়ন প্লাবিত, নিহত ১২

যবিপ্রবিতে খেলা দেখাকে কেন্দ্র করে মারামারি

টাইব্রেকারের নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড

ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবন, দুই বছর ধরে মন্দিরের বারান্দায় পাঠদান

X